হরমুজ খুলতে দুই-তিন দিনের মধ্যেই যৌথ অভিযানের ঘোষণা ম্যাখোঁর

এমানুয়েল ম্যাখোঁ- রয়টার্স
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের নতুন ইঙ্গিত মিলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কাঠামোগত চুক্তির ঘোষণা আসার পর হরমুজ প্রণালি দ্রুত পুনরায় খুলে দিতে যৌথ সামরিক অভিযান চালানোর প্রস্তুতির কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। তিনি বলেছেন, চুক্তি কার্যকর হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই সমন্বিত পদক্ষেপ নিতে পারে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র।
আজ ফ্রান্সে জি৭ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন, প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারে যুক্তরাজ্য ও ফ্রান্স ‘দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত’।
ম্যাখোঁ জানান, এই অভিযানের অংশ হিসেবে ওই অঞ্চলে যুদ্ধবিমান, ফ্রিগেট এবং মাইন নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ পাঠানো হতে পারে।
ফরাসি প্রেসিডেন্ট বললেন, ‘আমাদের বিমানবাহী রণতরী শার্ল দ্য গল এবং এর সহায়ক সরঞ্জামও ওই এলাকায় রয়েছে। চুক্তি নিশ্চিত হওয়ার দুই বা তিন দিনের মধ্যেই সেগুলো মোতায়েন করা যেতে পারে।’
তিনি আরও যোগ করেন, এই মোতায়েন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এবং ‘ইরানিদের সমান্তরাল সমন্বয়ে’ পরিচালিত হবে, যাতে ‘শান্তিপূর্ণ ও স্থায়ীভাবে হরমুজ পুনরায় খুলে দেওয়া যায়।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাঠামোগত চুক্তি হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে ‘তেলবোঝাই বহু জাহাজ চলাচল শুরু করেছে’।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বললেন, ‘জাহাজগুলো দক্ষিণের “হাইওয়ে” ধরে চলাচল করছে, যা পুরোপুরি নিরাপদ, সুরক্ষিত এবং ঝুঁকিমুক্ত। চলাচলের জন্য আরও এলাকাও রয়েছে!’




