কাশ্মীরে জঙ্গি হামলা, পুলিশ সদস্য নিহত

সংগৃহীত ছবি
ভারত অধ্যুষিত জম্মু ও কাশ্মীরে দীর্ঘ সময় তুলনামূলক শান্ত থাকার পর আবারও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ওই পুলিশ সদস্য, পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অনন্তনাগ শহরের লাল চক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আশিক হুসেন কোরেশি হেড কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মধ্য কাশ্মীরের বুদগাঁও জেলার বীরওয়াহ এলাকার বাসিন্দা এবং বুদগাঁওয়ের আইআরপি তৃতীয় ব্যাটালিয়নের সদস্য ছিলেন। অমরনাথ যাত্রার নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত অবস্থাতেই তিনি হামলার শিকার হন।
হামলার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার দায় স্বীকার করেছে।
এদিকে উপত্যকায় জঙ্গি তৎপরতা কমে আসার পর এই হামলাকে নতুন করে নিরাপত্তা পরিস্থিতির অবনতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি জম্মুর বনাঞ্চলে সক্রিয় জঙ্গিদের বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। দুর্গম ভূখণ্ডে এসব অভিযানে কয়েকজন নিরাপত্তা সদস্যেরও প্রাণহানি হয়েছে।




