‘ভরসার বদলে বিজেপি ভয় ধরাচ্ছে’, অভিযোগ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গে ঘনিয়ে আসছে বিধানসভা নির্বাচন। এরইমধ্যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক জনসভায় তিনি দাবি করেন, বিজেপি-কমিশন তার মনোনয়ন বাতিলের চেষ্টা করেছিল।
জনসভায় বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সাধারণ মানুষকে সতর্ক করেন তৃণমূলের এ নেত্রী। মমতা অভিযোগ করে বলেছেন, ‘আমার ভোট কেন্দ্রে ওই গাদ্দাররা আমার নামে দুটি মিথ্যা এফিডেভিড করে নমিনেশন বাতিল করার চেষ্টা করেছিল।’
তবে তার দাবি, ‘নমিনেশন বাতিলের চেষ্টা হলেও শেষ অবধি পারেনি। অনেক অসম্মান করেছে, যাতে আমি না দাঁড়াতে পারি।’
তৃণমূল নেত্রী অভিযোগের সুরে আরও বলছেন, ‘আমাদের লড়াই বিজেপির সঙ্গে নয়। বিজেপি ভ্যানিশ-ফিনিস-ওয়াশিং মেশিনের সঙ্গেও। যদি আমার ওপরই এমন অত্যাচার হয়, তাহলে বুঝতে পারছেন আপনাদের ওপর কী হতে পারে।’
এসআইআরে নাম বাদ প্রসঙ্গে বলতে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘এসআইআর একটা বড় স্ক্যাম। এটি বিজেপিকে ক্ষমতায় আনার একটা প্রচেষ্টা।’
বাংলায় ইভিএমের মাধ্যমে ভোট চুরির অভিযোগ এনে মমতা বলছেন, ‘এরা থাকলে বাংলায় শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন হতে পারে না। বিজেপি মানুষকে অবজ্ঞা করে। গণতন্ত্রকে অবহেলা করে।’
‘ওরা বাংলায় মানুষ হত্যার লাইন লাগিয়েছে, বেলাইন করার জন্য যতদূর যেতে হয় যাব’, বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বললেন এ নেত্রী।
ভরসার বদলে বিজেপি ভয় ধরাচ্ছে উল্লেখ করে মমতা সতর্ক করেন, ‘সরকারি, বিভিন্ন বাহিনীর গাড়িতে টাকা নিয়ে ঢুকছে বিজেপি। ভোটের দিন বাইরের লোক দেখলেই অভিযোগ করবেন।’
উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন। বিধানসভার ২৯৪ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল ৮ দফায়।















