এসেনসিয়াল ড্রাগ কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন, চেয়ারম্যান স্বাস্থ্যমন্ত্রী

ছবিঃ আগামীর সময়
পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকারি অর্থায়নে পরিচালিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগ কোম্পানি। এতে চেয়ারম্যান হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে এ তথ্য।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৫৩ ও ৫৪ ধারা মোতাবেক এসেনসিয়াল ড্রাগস কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলো।’
পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন— স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচালনা পর্ষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সূত্র : বাসস।















