নরওয়ের পত্রিকায় মোদির ‘সাপুড়ে’ কার্টুন নিয়ে বিতর্ক

নরওয়ের একটি সংবাদপত্রে মোদিকে ‘সাপুড়ে’ রূপে দেখিয়ে প্রকাশিত কার্টুন নতুন করে আলোড়ন তুলেছে। ছবি : সংগৃহীত
বিদেশ সফরে গিয়ে ফের অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরওয়ে সফরের মধ্যেই ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক মহলে। সেই বিতর্কের মধ্যেই নরওয়ের একটি প্রথম সারির সংবাদপত্রে মোদিকে ‘সাপুড়ে’ রূপে দেখিয়ে প্রকাশিত কার্টুন নতুন করে আলোড়ন তুলেছে।
‘আফটেনপোস্টেন’ নামে নরওয়ের ওই সংবাদপত্রে প্রকাশিত কার্টুনে দেখা যায়, মোদির হাতে একটি বাঁশি এবং সামনে পেট্রল পাম্পের পাইপের মতো দেখতে একটি সাপ নাচছে। একটি মতামতধর্মী নিবন্ধের সঙ্গে কার্টুনটি প্রকাশ করা হয়।
নিবন্ধের শিরোনামের বাংলা অর্থ দাঁড়ায়, ‘একজন চালাক কিন্তু বিরক্তিকর মানুষ’। কার্টুন প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক স্তরে মোদিকে নিয়ে সমালোচনা আরও জোরদার হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এই কার্টুন ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকের মতে, এটি বর্ণবাদী ও ঔপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ। তবে অন্য এক দলের দাবি, আন্তর্জাতিক মহলে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ বাড়ছে, এই কার্টুন তারই প্রতীক।
বিশেষ করে সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিরোধী কণ্ঠরোধ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে।
গত সোমবার নরওয়ে পৌঁছান মোদি। সেখানে এক সাংবাদিক সরাসরি ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং মুসলিমসহ সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন করেন। কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়েই এড়িয়ে যান প্রধানমন্ত্রী।
এই ঘটনাকে ঘিরেও শুরু হয় নতুন করে সমালোচনা। বিরোধীদের কটাক্ষ, দেশে যেমন সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে চলেন মোদি, বিদেশের মাটিতেও একই পথ নিলেন তিনি।
২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি পূর্ণাঙ্গ খোলা সাংবাদিক বৈঠক কার্যত করেননি। সাংবাদিকদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হওয়া থেকেও তিনি বারবার দূরে থেকেছেন বলে সমালোচনা রয়েছে।




