ভোটার তালিকা সংশোধনের আড়ালে মুসলিমদের নিশানা করছে ভারত : মার্কিন কমিশন

ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের সময় নাম বাদ পড়ার পর সীমান্তরক্ষীদের মাধ্যমে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ করেছেন সাহিদা ফকির। ২ নভেম্বর ২০২৬ সাতক্ষীরায় নিজের বর্তমান বাসায় ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলছেন তিনি। ছবি: রয়টার্স
ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘বিদেশি’ আখ্যা দেওয়া হচ্ছে। এমনকি ভারতীয় নাগরিকদেরও অবৈধভাবে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে এসব অভিযোগ তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘ভারত সরকার ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে, তাদের বিদেশি আখ্যা দিয়ে এবং এখন অবৈধভাবে বিতাড়িত করে মুসলিম নাগরিকদের লক্ষ্যবস্তু করছে।’
কমিশনের আরেক সদস্য জিন মিলস বলেন, ‘মুসলিম পরিচয়ের কারণে নিজেদের নাগরিকদের বিতাড়িত করার মধ্য দিয়ে ভারত সরকার ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার কৌশল আরও ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে।’ এ পরিস্থিতিতে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানান তিনি।
ভারতে সম্প্রতি পরিচালিত ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে দেশজুড়ে ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে এটিই সবচেয়ে বড় সংখ্যক নাম বাদ দেওয়ার ঘটনা। সংখ্যাটি মেক্সিকোর মোট জনসংখ্যার কাছাকাছি।
তথ্য-উপাত্তে দেখা গেছে, এ সংশোধন কার্যক্রমে ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের নাম তুলনামূলক বেশি বাদ পড়েছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে মুসলিমদের প্রতি বৈষম্য ও তাঁদের বাদ দেওয়ার নীতি বেড়েছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
তবে ভারতের নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত, একাধিকবার নিবন্ধিত এবং অন্যভাবে অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভুলবশত কারও নাম বাদ পড়লে আপিলের সুযোগ রয়েছে।
ভোটার তালিকা সংশোধনের এ কার্যক্রম অবৈধ অভিবাসী শনাক্ত ও বিতাড়নের পৃথক উদ্যোগের সঙ্গে জড়িয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি নাগরিক হয়ে যান না।
ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং এ বিষয়ে নীতিগত সুপারিশ করে ইউএসসিআইআরএফ। এটি যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় কমিশন। তবে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয়। ভারতের বিষয়ে সাম্প্রতিক বছরগুলোতে কমিশন যেসব সুপারিশ করেছে, সেগুলোর কোনোটিতেই এখন পর্যন্ত পদক্ষেপ নেয়নি ওয়াশিংটন।
এদিকে ইউএসসিআইআরএফের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা মনে করি, সংস্থাটি পক্ষপাতদুষ্ট এবং এর স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এতটা পক্ষপাতদুষ্ট কোনো সংস্থার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
ভোটার তালিকা সংশোধন নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে বিক্ষোভ হয়েছে। বিরোধী দল ও শিক্ষার্থীদের অভিযোগ, এ সংশোধনের মাধ্যমে বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম, এমন ভোটারদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিক্ষোভ দমনে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপেরও সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা।
গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’ হিসেবে উল্লেখ করে বলেন, এ নিয়ে ওয়াশিংটন কোনো মন্তব্য করবে না।
জাতিসংঘের বিশেষজ্ঞ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের অভিযোগ, মোদি সরকারের আমলে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে। তবে ভারত সরকার বৈষম্যের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, খাদ্য ভর্তুকি ও বিদ্যুতায়নসহ বিভিন্ন সরকারি কর্মসূচির সুবিধা সব সম্প্রদায়ের মানুষ পাচ্ছেন।
সূত্র: রয়টার্স






