এমপির প্রেমে হাবুডুবু ক্রিকেটার, এ বছরই বিয়ে

গ্রাফিকস: আগামীর সময়
একটি ফ্যান পেজে ছবি দেখে ভালো লেগেছিল। এরপর সাহস করে পাঠিয়েছিলেন বার্তা। সেখান থেকেই শুরু কথা, পরে প্রেম। সেই সম্পর্কই ভারতের ক্রিকেট ও রাজনীতির দুই অঙ্গনের পরিচিত দুই মুখকে এবার মিলিয়ে দিচ্ছে বিয়ের বন্ধনে। ক্রিকেটার রিঙ্কু সিং ও সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজ বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ ডিসেম্বর লক্ষ্ণৌতে তাদের বিয়ে হবে। রামাদা হোটেলে বিয়ের আয়োজন করা হবে। দুই পরিবার বিয়ের তারিখ ও স্থান চূড়ান্ত করার পর এখন প্রস্তুতি চলছে। অনুষ্ঠানে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বিশেষ অতিথিরা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
উত্তর প্রদেশের মচ্ছলিশহর লোকসভা আসনের প্রতিনিধিত্ব করেন প্রিয়া সরোজ। অন্যদিকে, ভারতের অন্যতম পরিচিত টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে রিঙ্কু তার অবস্থান ধরে রেখেছেন।
২০২৫ সালের ৮ জুন লক্ষ্ণৌর দ্য সেন্ট্রাম হোটেলে আংটি বদল করেছিলেন এই জুটি। তাদের বাগদানের অনুষ্ঠানে ক্রিকেট ও রাজনীতি, দুই অঙ্গনের ব্যক্তিত্বরা উপস্থিত থাকায় ব্যক্তিগত এই আয়োজনটি বেশ আলোচনায় আসে।
যেভাবে পরিচয় রিঙ্কু সিং ও প্রিয়া সরোজের
বাগদানের পর প্রিয়ার সঙ্গে তার সম্পর্কের শুরুর দিকের কথা জানিয়েছিলেন রিঙ্কু। এই ক্রিকেটার জানান, কোভিডের বছরগুলোতে মুম্বাইয়ে আইপিএল চলার সময় একটি ফ্যান পেজে প্রথম প্রিয়ার ছবি দেখেছিলেন তিনি।
প্রথমে প্রিয়ার সঙ্গে যোগাযোগ করতে দ্বিধায় ছিলেন রিঙ্কু। তবে প্রিয়া তার কয়েকটি ছবিতে লাইক দেওয়ার বিষয়টি নজরে আসার পর শেষ পর্যন্ত তাকে বার্তা পাঠানোর সিদ্ধান্ত নেন রিঙ্কু। এরপর তাদের নিয়মিত কথা হতে থাকে। এমনকি ম্যাচের আগেও তাদের মধ্যে কথাবার্তা হতো।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে রিঙ্কু বলছিলেন, ‘কোভিডের বছরগুলোতে মুম্বাইয়ে আইপিএল চলার সময় বিষয়টি শুরু হয়েছিল। গ্রামের কোনো একটি ভোট নিয়ে একটি ফ্যান পেজে আমি তার ছবি দেখেছিলাম। আমার মনে হয়েছিল, সে আমার জন্য উপযুক্ত। কিন্তু প্রথমে তাকে বার্তা পাঠানো নিয়ে দ্বিধায় ছিলাম। সে আমার কয়েকটি ছবিতে লাইক দেওয়ার পর শেষ পর্যন্ত তাকে বার্তা পাঠাই। এভাবেই শুরু। এরপর আমরা নিয়মিত কথা বলতে শুরু করি, এমনকি ম্যাচের আগেও। তখনই ২০২২ সালে আমি ভালোবাসা অনুভব করতে শুরু করি।’
রিঙ্কুকে গ্যালারি থেকে সমর্থন করতেও দেখা গেছে প্রিয়া সরোজকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে রিঙ্কুর ম্যাচ চলাকালে ইডেন গার্ডেনসেও তাকে দেখা গেছে।




