মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্য, কলকাতা পুলিশের মুসলিম অফিসার বরখাস্ত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (বামে) এবং বরখাস্ত পুলিশ অফিসার আকলাখ আহমেদ। ছবি / সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কলকাতা পুলিশের এক পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই কর্মকর্তার নাম আকলাখ আহমেদ।
সোমবার সকালে কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ এ-সংক্রান্ত নির্দেশ জারি করেছেন। সাময়িক বরখাস্তের সময়ে আকলাখ আহমেদকে অর্ধেক বেতন দেওয়ার সিদ্ধান্তও জানানো হয়েছে।
কলকাতা পুলিশের সদস্যদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেছিলেন আকলাখ আহমেদ। এ নিয়ে গ্রুপের অন্য সদস্যদের মধ্যে আপত্তি তৈরি হয়। শুরু হয় বিতর্ক। পরে নিজের মন্তব্যগুলো মুছে দিয়ে ক্ষমাও চান ওই পরিদর্শক। তবে এর আগেই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি কলকাতা পুলিশের সদর দপ্তরের নজরে আসার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ কমিশনারের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ তদন্ত করে দেখা হবে।
এর আগে গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে কলকাতা পুলিশের দুই উপকমিশনার বিধান সাহা ও পার্থপ্রতিম দাসকেও সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তাদের বিরুদ্ধে নিয়মবহির্ভূত পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনার কয়েক মাসের মধ্যে একই ধরনের অভিযোগে আবারও ব্যবস্থা নিল কলকাতা পুলিশ।




