ডাক্তারকে বাড়িতে ডেকে এনে পেটালেন অভিনেতারা, লুটে নিলেন মূল্যবান জিনিসপত্র

অতুল্যা চন্দ্র ও বিবিন পেরুমপল্লি। ছবি: সংগৃহীত
ভারতের কেরালার কোচিতে জরুরি চিকিৎসার কথা বলে এক তরুণ চিকিৎসককে বাড়িতে ডেকে নেন কয়েকজন। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন আরও ১২ জন। এরপর ধর্ষণের অভিযোগ তুলে ওই চিকিৎসকে মারধর করেন তারা। ছিনিয়ে নেন মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ইয়ারফোনসহ প্রায় সাড়ে ৩ লাখ রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় ৪ লাখ ৬২ হাজার টাকার জিনিসপত্র। এ ঘটনায় দুই অভিনেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অভিনেত্রী অতুল্যা চন্দ্র, অভিনেতা ও প্রযোজক বিবিন পেরুম্বিল্লি এবং তাদের এক সহযোগী।
পুলিশ জানিয়েছে, গত সোমবার সকালে কোচির এসেন স্প্রিংডেল নামের একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে এক ব্যক্তির জরুরি চিকিৎসা প্রয়োজন বলে ওই চিকিৎসককে সেখানে যেতে বলা হয়। সকাল সাড়ে ৬টার দিকে তিনি ফ্ল্যাটে পৌঁছে ১২ জনকে দেখতে পান।
মামলার এজাহার (এফআইআর) অনুযায়ী, ফ্ল্যাটে যাওয়ার পর অভিযুক্তরা চিকিৎসককে তাদের এক আত্মীয়কে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করেন এবং তার বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। এ সময় বিবিন পেরুমপল্লি ও অন্যরা তাকে চড় মারেন। পরে একটি চেয়ারে বসিয়ে পাঁজরে আঘাত করেন।
এজাহারে আরও বলা হয়েছে, আতুল্য চন্দ্র চিকিৎসকের মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ইয়ারফোন ছিনিয়ে নেন। এ সময় তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। অন্য অভিযুক্তরা চিকিৎসককে একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। তারা পরস্পরের সহযোগী হিসেবে এ অপরাধে অংশ নেন।
একপর্যায়ে ফ্ল্যাট থেকে পালিয়ে চিকিৎসক কাদাভানথ্রা থানায় গিয়ে অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাকি ৯ জনের পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চিকিৎসকের ওপর হামলার পেছনে শুধু লুটপাটের উদ্দেশ্য ছিল, নাকি অন্য কোনো কারণও রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র: এনডিটিভি




