হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ফাইল ছবি
ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীকে বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭৯ বছর বয়সী রাজ্যসভার এ সাংসদকে। প্রবীণ কংগ্রেস নেত্রী পাঁচবার লোকসভার সাংসদ ছিলেন।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, একটি অস্ত্রোপচারের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। কী কারণে এই অস্ত্রোপচার করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ রয়েছেন সোনিয়া গান্ধী। একাধিকবার তাকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। চলতি বছরের মার্চ মাসে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
তার আগে, গত জানুয়ারি মাসেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনিয়াকে। দিল্লির ঠান্ডা এবং দূষণের জেরে ফুসফুসের সমস্যা দেখা দিয়েছিল তার। সঙ্গে ছিল সামান্য শ্বাসকষ্ট এবং অ্যাজ়মা।
দুই দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের অভ্যন্তরীণ নানা সিদ্ধান্তের ব্যাপারে প্রবীণ এই সাংসদের মতামত গুরুত্বপূর্ণ।
সূত্র :এএনআই






