ভারতে এবার চালু হচ্ছে পলিমার নোট

সংগৃহীত ছবি
ভারতে কাগজের নোটের পাশাপাশি এবার পরীক্ষামূলকভাবে বাজারে আসতে চলেছে পলিমার বা প্লাস্টিকের নোট। ১০ ও ২০ টাকার এই নোট চালুর প্রস্তাবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এর প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১০ টাকার ১০০ কোটি এবং ২০ টাকার ১০০ কোটি মোট ২০০ কোটি পলিমার নোট মাঠপর্যায়ে পরীক্ষার জন্য ছাড়া হবে।
মঙ্গলবার সংসদে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, আরবিআই -এর প্রস্তাব সরকার অনুমোদন করেছে। তবে নতুন নোট এলেও প্রচলিত কাগজের ১০ ও ২০ টাকার নোট বাতিল হচ্ছে না।
পরীক্ষামূলক পর্বে দুই ধরনের নোটই পাশাপাশি বাজারে থাকবে। পলিমার নোট তৈরিতে সাধারণ কাগজের বদলে বিশেষ ধরনের নমনীয় সিন্থেটিক উপাদান ব্যবহার করা হয়। ফলে জল, আর্দ্রতা ও দৈনন্দিন ব্যবহারে এগুলি তুলনামূলকভাবে বেশি টেকসই। বিশেষ করে ১০ ও ২০ টাকার নোট দ্রুত হাতবদল হওয়ায় সেগুলিই প্রথম পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে।
আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা এর আগে জানিয়েছিলেন যে, পলিমার নোট কাগজের নোটের তুলনায় দীর্ঘস্থায়ী হতে পারে। নোট তৈরির জন্য বিশেষ পলিমারের টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানানো হয়েছিল। পরীক্ষামূলক ব্যবহারের পর নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করা হবে।
পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী অর্থবর্ষের শুরুতে নোটগুলি বাজারে আনার লক্ষ্য রয়েছে। এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য নোটের আয়ু বাড়ানো এবং বারবার ক্ষতিগ্রস্ত নোট বদলানোর খরচ কমানো। কাগজের তুলনায় পলিমার নোট বেশি দিন ব্যবহারযোগ্য হওয়ায় দীর্ঘমেয়াদে কেন্দ্রীয় ব্যাঙ্কের নোট ব্যবস্থাপনার ব্যয় কমতে পারে। তবে এই মুহূর্তে এটিকে কাগজের নোট পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই।




