গুজরাট দাঙ্গা
গণধর্ষণ ও পরিবারের ১৪ সদস্যকে হত্যায় দণ্ডিত দুজনের জামিন, ‘বিস্মিত’ বিলকিস বানু

২০১৭ সালে নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিলকিস বানু তার মেয়েকে কোলে নিয়ে আছেন, পাশে স্বামী ইয়াকুব রসুল— রয়টার্স
২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় গণধর্ষণের শিকার হয়েছিলেন অন্তঃসত্ত্বা মুসলিম নারী বিলকিস বানু। ওই ঘটনায় পরিবারের ১৪ সদস্যকে হত্যা করা হয়েছিল। সম্প্রতি তার ধর্ষকদের মধ্যে দুজন জামিন পাওয়ায় ‘ব্যথা, বিস্ময় ও অবিশ্বাস’ প্রকাশ করেছেন তিনি।
এক বিবৃতিতে বিলকিস বানু বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে তিনি সুপ্রিম কোর্টের আদেশের কথা জানতে পেরেছেন। তবে আবারও ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
মুক্তি পাওয়া ওই দুই ব্যক্তি ১১ জন দণ্ডিতের একটি দলের সদস্য। হিন্দু জনতার অংশ হিসেবে তারা বিলকিস বানু ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছিল। এ ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাদের।
২০২২ সালে গুজরাট সরকারের একটি আদেশে ওই ১১ জনকেই মুক্তি দেওয়া হয়েছিল। এ সিদ্ধান্ত এবং কারাগার থেকে বের হওয়ার সময় তাদের সংবর্ধনা দেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়। ২০২৪ সালে সুপ্রিম কোর্ট ওই মুক্তির আদেশ বাতিল করে দেন।
গত ২৮ অক্টোবর দেওয়া তিন পৃষ্ঠার সংক্ষিপ্ত আদেশে সুপ্রিম কোর্ট বিপিনচাঁদ কানাইয়ালাল জোশি ও প্রদীপ রমনলাল মোধিয়াকে জামিন দেন। ২০১৭ সালে বোম্বে হাইকোর্টের দেওয়া একটি আদেশের বিরুদ্ধে তাদের করা আবেদন শুনানির অপেক্ষায় থাকায় সাজা স্থগিত করা হয়েছে।
বিচারপতিরা জানান, দুই দণ্ডিত ব্যক্তি ‘১৭ বছরের বেশি সময় কারাগারে রয়েছেন’ এবং ‘তাদের একজন গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার শিকার’ হওয়ায় আগাম মুক্তি দেওয়া হয়েছে।
বিবিসিকে মঙ্গলবার বিলকিস বানুর আইনজীবী শোভা গুপ্তা বলেন, জোশি ও মোধিয়ার মুক্তির খবর বিলকিসকে ‘মানসিকভাবে ভেঙে দিয়েছে’।
তিনি বললেন, ‘তাকে আবারও ন্যায়বিচারের জন্য লড়াই শুরু করতে হবে। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হচ্ছে, সে বিষয়ে তার কোনো তথ্যই ছিল না। আমাদের উদ্বেগের বিষয় হলো, প্রতিবার এ ধরনের কিছু ঘটলে আমরা আশঙ্কা করি, এতে বিচারব্যবস্থার ওপর তার আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।’
গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানু ও তার পরিবারের ওপর হামলা ছিল সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটি। গোধরা শহরে যাত্রীবাহী একটি ট্রেনে আগুন লেগে ৬০ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হওয়ার পর দাঙ্গার সূত্রপাত হয়।
আগুন লাগানোর জন্য মুসলমানদের দায়ী করে হিন্দু জনতা বিভিন্ন মুসলিম এলাকায় হামলা চালায়। তিন দিন ধরে চলা ওই দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হন। তাদের অধিকাংশই ছিল মুসলিম।
দাঙ্গাকারীরা যখন বিলকিস বানুর গ্রামে হামলা চালিয়ে মুসলমানদের বাড়িঘরে আগুন দিতে শুরু করে, তখন তিনি পরিবারের ১৬ সদস্যকে নিয়ে পালিয়ে যান। সে সময় তার বয়স ছিল ১৯ বছর। তার তিন বছর বয়সী একটি মেয়ে ছিল এবং তিনি দ্বিতীয় সন্তানের অন্তঃসত্ত্বা ছিলেন।
২০১৭ সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ২০০২ সালের ৩ মার্চ সকালে ‘তরবারি ও লাঠিসোঁটা নিয়ে’ একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। তার তিন বছর বয়সী মেয়েকে কোল থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়।
হামলাকারীরা ছিলেন তারই প্রতিবেশী। বেড়ে ওঠার সময় যেসব পুরুষকে তিনি প্রায় প্রতিদিন দেখেছেন, তারাও ছিলেন তাদের মধ্যে। তারা বিলকিসের কাপড় ছিঁড়ে ফেলেন এবং কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেন। প্রাণভিক্ষা চেয়েও তাদের থামাতে পারেননি তিনি।
তার এক চাচাতো বোন, যিনি এর মাত্র দুই দিন আগে সন্তান জন্ম দিয়েছিলেন, তাকেও ধর্ষণ ও হত্যা করা হয়। হত্যা করা হয় তার নবজাতক সন্তানকেও।
বিলকিস বেঁচে যান কেবল অচেতন হয়ে পড়ায়। তাকে মৃত ভেবে হামলাকারীরা চলে যায়। ওই হত্যাযজ্ঞে বেঁচে যাওয়া অন্য দুজন ছিল সাত ও চার বছর বয়সী দুটি ছেলে।
ন্যায়বিচারের জন্য তার লড়াই ছিল দীর্ঘ ও দুঃস্বপ্নের মতো। ২০০৪ সালের আগে এ ঘটনায় গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। এর আগে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারীদের দায়িত্ব দেয় এবং মামলাটি মুম্বাইয়ে স্থানান্তর করে। আদালত বলেছিলেন, গুজরাটের আদালতগুলো বিলকিস বানুকে ন্যায়বিচার দিতে পারবে না।
সোমবার রাতে প্রকাশিত বিবৃতিতে বিলকিস বানু ‘নতুন করে ব্যথা, বিস্ময় ও অবিশ্বাসের অশ্রু’র কথা বলেন।
তিনি বললেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না, দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্ট আমাকে না ডেকে এবং আমার বক্তব্য না শুনেই আবার একটি আদেশ দিয়েছেন।’
তিনি আরও বললেন, ‘দীর্ঘ ২৪ বছর ধরে আমি ন্যায়বিচারের জন্য লড়াই করে যাচ্ছি। বারবার মাথা তুলে দাঁড়িয়েছি। অথচ আজ নিজেকে সেই ন্যায়বিচার হারাতে দেখছি, যা অর্জনের জন্য এত কঠিন লড়াই করেছি। আবারও বিচারব্যবস্থার ওপর আস্থা হারানোর ভয় হচ্ছে আমার।’
বিলকিস বানুর ভাষ্য, ‘আমি এই আদেশের বিরুদ্ধে লড়াই করব। আমার সন্তানদের জন্যই এই লড়াই চালিয়ে যাব। তারা যেন বাকি জীবন ভয় ও ক্ষতবিক্ষত স্মৃতি নিয়ে বেঁচে থাকতে বাধ্য না হয়।’
তিনি বলেছেন, ‘আমি আমার তিন বছর বয়সী মেয়ে সালেহার জন্য এই লড়াই করছি। তার বেঁচে থাকার অধিকার ছিল এবং তার স্মৃতি ন্যায়বিচার দাবি করে। আমি সব নারীর জন্য লড়ছি। কারণ, কোনো নারী, কোনো নির্যাতনের শিকার ব্যক্তি কিংবা কোনো নাগরিককে যেন সারা জীবন নিজের অধিকার ও সমতার স্বীকৃতি পাওয়ার জন্য এমন অনন্ত পরীক্ষার মধ্য দিয়ে যেতে না হয় এবং ন্যায়বিচারের জন্য লড়তে না হয়।’
দাঙ্গার সময় নরেন্দ্র মোদি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। সহিংসতা ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগে সে সময় তার সমালোচনা হয়েছিল। তবে তিনি সব সময় কোনো অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন। দাঙ্গার জন্য কখনো ক্ষমাও চাননি।
২০১৩ সালে সুপ্রিম কোর্টের একটি প্যানেলও জানায়, মোদির বিরুদ্ধে মামলা চালানোর মতো পর্যাপ্ত প্রমাণ নেই। তবে তার শাসনামলে দাঙ্গার ঘটনা ঘটায় সমালোচকেরা এখনো তাকে দায়ী করে আসছেন।
সূত্র: বিবিসি




