যোগী আদিত্যনাথ
বিজেপির এসআইআর কৌশল ‘বুমেরাং’ উত্তর প্রদেশে, ১ কোটির বেশি হিন্দু কমে বেড়েছে মুসলিম ভোটার

যোগী আদিত্যনাথ— রয়টার্স
ভারত জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্ক। উত্তর প্রদেশে এসে এটি পেল নতুন মাত্রা। বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল ইচ্ছাকৃত মুসলিম ভোটারদের বাদ দিতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে উত্তর প্রদেশে মিলল ভিন্ন দৃশ্যপট।
রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ, রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে। অথচ মুসলিম ভোটারের সংখ্যা বেড়েছে। অযোধ্যায় ‘আজতক পঞ্চায়েত’ অনুষ্ঠানে দেওয়া তার এই বক্তব্যের পর ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপির নিজেদের উদ্বেগও আবার সামনে এসেছে।
আদিত্যনাথ বলেছেন, বাদ পড়া ভোটারদের মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন, যাদের নাম রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকায় ছিল। এ ছাড়া সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী এবং প্রথমবার ভোট দেওয়ার যোগ্য তরুণরাও রয়েছেন। তার দাবি অনুযায়ী, বাদ পড়া ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের মধ্যে ৬৬ লাখের নাম পঞ্চায়েতের ভোটার তালিকায় থাকলেও বিধানসভার ভোটার তালিকায় নেই। আরও ৫৫ লাখ সরকারি প্রকল্পের সুবিধাভোগী।
মুখ্যমন্ত্রী ১৮ থেকে ১৯ বছর বয়সী প্রায় ৪ লাখ ৫০ হাজার ভোটারের কথাও উল্লেখ করেন। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে রাজ্য সরকার নির্বাচন কমিশনের (ইসি) কাছে স্মারকলিপি দিয়েছে বলে জানান তিনি।
আদিত্যনাথের সর্বশেষ বক্তব্যের আগেও এসআইআর নিয়ে অস্বস্তিতে ছিল বিজেপি। ২০২৫ সালের ডিসেম্বরেই দলীয় কর্মীদের সঙ্গে আলোচনায় বিষয়টি তুলেছিলেন তিনি। তখন ভোটার তালিকা সংশোধনের সময় প্রায় ৪ কোটি যোগ্য ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছিলেন। তার দাবি ছিল, তাদের ৮৫ থেকে ৯০ শতাংশই বিজেপির সমর্থকগোষ্ঠীর অন্তর্ভুক্ত। যোগ্য কোনো ভোটারের নাম যেন বাদ না পড়ে, তা নিশ্চিত করতে দলীয় নেতাদের নির্দেশও দিয়েছিলেন তিনি।
বিষয়টি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজরেও এসেছিল। গত বছরের ডিসেম্বরে লখনউ সফরের সময় তৎকালীন বিজেপি সভাপতি জে পি নাড্ডা রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে এসআইআরের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় দলীয় সংগঠনকে কার্যক্রম আরও জোরদার করতে বলেন তিনি। বৈঠকে বিশেষ করে শহরাঞ্চলে বিপুলসংখ্যক বিজেপি সমর্থকের নাম সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। পরে আদিত্যনাথ ও রাজ্য বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরী মন্ত্রী, সংসদ সদস্য, বিধায়ক, বিধান পরিষদের সদস্য এবং দলের অন্যান্য পদধারীর সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেন।
বিজেপির উদ্বেগ শুধু মোট ভোটারের সংখ্যা কমে যাওয়া নিয়ে নয়। দলটির আশঙ্কা, ঐতিহ্যগতভাবে তাদের সমর্থক হিসেবে পরিচিত অনেক মানুষ ২০২৭ সালের নির্বাচনে ভোট দিতে পারবেন না। কারণ, ভোটার তালিকায় তাদের নাম নেই অথবা তাদের নিবন্ধন অন্য ঠিকানায় রয়েছে। উত্তর প্রদেশে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া, জাতপাতভিত্তিক সমর্থন সংগঠিত করা এবং বুথ পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্কের সমন্বয়ে নিজেদের নির্বাচনী শক্তি গড়ে তুলেছে বিজেপি। সরকারি প্রকল্পের সুবিধাভোগী যোগ্য ভোটারদের নাম তালিকায় না থাকলে দলীয় প্রচার ও নির্বাচনে তাদের ভোটে পরিণত করার মধ্যে ব্যবধান তৈরি হতে পারে।
শহরাঞ্চলে এ সমস্যা বিশেষভাবে প্রাসঙ্গিক। লখনউ, গাজিয়াবাদ, নয়ডা ও কানপুরের মতো শহরে বিপুলসংখ্যক মানুষ কাজের প্রয়োজনে বসবাস করেন। তাদের অনেকে ভাড়া বাসায় থাকেন কিংবা কর্মস্থল ও পৈতৃক গ্রামের মধ্যে নিয়মিত যাতায়াত করেন। কারও কারও ভোটার নিবন্ধন এখনো গ্রামের ঠিকানায় রয়ে গেছে। আবার কেউ কেউ ভোটার তালিকা হালনাগাদের গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। বিজেপির আশঙ্কা, শহরের নির্বাচনী এলাকায় বসবাস ও কাজ করা ভোটারদের নাম অন্য জায়গায় নিবন্ধিত থাকলে ভোট দিতে তাদের নিজ এলাকায় ফিরে যাওয়া কঠিন হতে পারে।
ভোটার তালিকা সংশোধনের ব্যাপকতা এসব উদ্বেগ আরও বাড়িয়েছে। এ প্রক্রিয়া শুরুর আগে উত্তর প্রদেশে ভোটার ছিল ১৫ কোটি ৪৪ লাখ। ২০২৬ সালের এপ্রিলে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে প্রায় ১৩ কোটি ৩৯ লাখ ভোটারের। খসড়া তালিকায় বাদ দেওয়ার প্রস্তাবিত নামের সংখ্যা ছিল আরও অনেক বেশি। তবে দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়ায় ৮৪ লাখের বেশি নাম যুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য, মৃত ভোটার, স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ব্যক্তি এবং একাধিকবার নিবন্ধিত ভোটারদের নাম বাদ দিতেই এই সংশোধন করা হয়েছে।
ভৌগোলিক অবস্থানভেদে ভোটার কমে যাওয়ার বিষয়টিও বিজেপির নজর কেড়েছে। দলটির ঐতিহ্যগতভাবে শক্তিশালী কয়েকটি শহরাঞ্চলীয় জেলায় ভোটার তালিকা থেকে উল্লেখযোগ্যসংখ্যক নাম বাদ পড়েছে। এসব জেলার মধ্যে রয়েছে লখনউ, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর, কানপুর ও মিরাট। এর জবাবে ভোটার নিবন্ধনকে বুথ পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে পরিণত করেছে বিজেপি। দলীয় কর্মীদের বুথ লেভেল অফিসারদের (বিএলও) সঙ্গে সমন্বয় করতে, তালিকায় নাম নেই এমন যোগ্য ভোটারদের শনাক্ত করতে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তা করতে বলা হয়েছে। রাজ্য বিজেপি বুথভিত্তিক ভোটার নিবন্ধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং এ কাজে ‘কমল সাথী’ অ্যাপ ব্যবহারের বিষয়েও আলোচনা করেছে।
এদিকে, বিরোধীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন ‘ভোট চুরি’তে সহায়তা করছে। তারা ভোটার তালিকা সংশোধনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে। আদিত্যনাথ অনিয়মের অভিযোগকে প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবকে এই প্রক্রিয়া বাতিলের দাবি জানানোর চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। জবাবে অখিলেশ প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশন ধর্মভিত্তিক কোনো পরিসংখ্যান প্রকাশ না করলেও মুখ্যমন্ত্রী কীভাবে ধর্ম অনুযায়ী ভোটারের সংখ্যা পেলেন।
আদিত্যনাথের উল্লেখ করা ধর্মভিত্তিক পরিসংখ্যান নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য দিয়ে স্বাধীনভাবে যাচাই করা যায়নি। কমিশনের ঘোষিত নীতিমালা অনুযায়ী, মৃত্যু, স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া এবং একাধিক নিবন্ধনের কারণে ভোটারের নাম বাদ দেওয়া হয়, ধর্মের ভিত্তিতে নয়।
সূত্র: ইন্ডিয়া টুডে




