ডোনাল্ড ট্রাম্প
আলোচনা চালিয়ে যেতে অনুরোধ করেছে ইরান

ডোনাল্ড ট্রাম্প- রয়টার্স
আলোচনা চালিয়ে যেতে ইরান আগ্রহ প্রকাশ করায় যুক্তরাষ্ট্র তাতে সম্মত হয়েছে। এমনটাই মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে শুক্রবার তিনি জোর দিয়ে বলেছেন, গত জুনে দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি এখন আর কার্যকর নেই।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘‘ইসলামি প্রজাতন্ত্র ইরান আমাদের কাছে আবারও ‘আলোচনা’ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। আমরা এতে সম্মত হয়েছি। তবে যুক্তরাষ্ট্র তাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যুদ্ধবিরতি শেষ।’’
এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে হামলা চালানোর পর ইরানের সশস্ত্র বাহিনী উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়।
চার মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে গত মাসে দুই দেশ একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছায়। এই সংঘাত বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহকে মারাত্মকভাবে ব্যাহত করেছিল।
যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে না পারায় ট্রাম্প হতাশ হয়েছেন। চলতি বছরের শেষ দিকে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে উচ্চ জ্বালানির দাম এবং ভোটারদের অসন্তোষের কারণে তার রিপাবলিকান পার্টি চাপের মুখে রয়েছে।




