রুশ নৌবহরের ‘গর্ব’ ডুবল লিবিয়ায়, হামলার কথা নিশ্চিত করল ইউক্রেন

বেনগাজির অদূরে একটি জাহাজের দিকে এগিয়ে আসা নৌড্রোনের ওপর থেকে নেওয়া দৃশ্য— ভলোদিমির জেলেনস্কি/ রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবার ছড়িয়ে পড়েছে লিবিয়ার উপকূলেও। দেশটির বেনগাজি বন্দরে রাশিয়ার দুটি জাহাজে নৌ-ড্রোন হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইউক্রেন। এতে ডুবে গেছে রাশিয়ার অন্যতম নতুন যুদ্ধজাহাজ ‘মার্কুরি’। ইউক্রেনের দাবি, নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাতটি নৌ-ড্রোন ব্যবহার করে প্রায় ২ হাজার ৪০০ কিলোমিটার দূরে এ অভিযান চালানো হয়েছে।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, এ অভিযানে একটি মূল জাহাজ থেকে দেশটির তৈরি সাতটি নৌ-ড্রোন পাঠানো হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ অভিযানকে ‘অনুকরণীয়’ বলে বর্ণনা করেছেন।
জেলেনস্কি বললেন, ‘নির্ধারিত জলসীমায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। রাশিয়ার আগ্রাসনের জবাব দিচ্ছি আমরা। নিজেদের তৈরি অস্ত্রের সক্ষমতাও বাড়াচ্ছি।’
তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। হামলার কাছাকাছি পৌঁছানো একটি ড্রোনের ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, বেনগাজির নৌঘাঁটিতে নোঙর করে থাকা যুদ্ধজাহাজটির গায়ে একের পর এক ড্রোন আঘাত হানছে। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে।
আলাদা এক বিবৃতিতে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ বলেছে, ‘ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী আবারও প্রমাণ করেছে, কৃষ্ণসাগরের বহু দূরেও রাশিয়ার সামরিক নৌবহর ও সরবরাহব্যবস্থার জন্য কোনো নিরাপদ পথ নেই।’
জেলেনস্কি জানান, রবিবারের হামলায় ক্ষতিগ্রস্ত অন্য জাহাজটি ছিল শুকনো পণ্য পরিবহনের জাহাজ এমভি আঙ্গারা। রাশিয়া অস্ত্র পরিবহনে এটি ব্যবহার করত বলে দাবি করেন তিনি।
ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ২ হাজার ৪০০ কিলোমিটার দূরে পরিচালিত এ অভিযান কিয়েভের বাহিনীর সর্বশেষ দূরপাল্লার হামলা। গত সপ্তাহে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ পথ কের্চ সেতু এবং রাশিয়ার বাল্টিক সাগর উপকূলের কালিনিনগ্রাদ বন্দরে হামলা চালায় ইউক্রেন।
রবিবার ভোরে বেনগাজির বাসিন্দারা নৌঘাঁটি এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং আগুনের শিখা দেখতে পান। পূর্ব লিবিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়ে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।
বিবৃতিতে বলা হয়, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকারের মধ্যে সহযোগিতা চুক্তির অংশ হিসেবে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিতে মার্কুরি জাহাজটি সেখানে নোঙর করেছিল। তবে জাহাজটি বা এর বহন করা পণ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জাহাজটি নিয়ে ব্যক্তিগত আগ্রহ ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ২০১৯ সালে তিনি সেন্ট পিটার্সবার্গের সেই জাহাজ নির্মাণ কারখানা পরিদর্শন করেন, যেখানে এটি তৈরি হচ্ছিল। জাহাজটির নামকরণের পক্ষেও ছিলেন তিনি। জার আমলের একটি যুদ্ধজাহাজের নামে এর নাম রাখা হয়। ১৮২৯ সালে কৃষ্ণসাগরে দুটি তুর্কি যুদ্ধজাহাজের বিরুদ্ধে লড়াই করে ওই জাহাজটি আলোচনায় এসেছিল।২০২৩ সালের নৌবাহিনী দিবসের কুচকাওয়াজে ৩০টি নতুন জাহাজের মধ্যে মার্কুরির নাম বিশেষভাবে উল্লেখ করেন পুতিন। তিনি বলেন, এটি প্রমাণ করে রাশিয়া ‘ধারাবাহিকভাবে নিজেদের নৌবহরের শক্তি বাড়াচ্ছে’। জাহাজটির সেন্ট জর্জ পতাকাকে ‘আমাদের নৌ ঐতিহ্যের অবিচ্ছেদ্যতার প্রতীক’ আখ্যা দিয়ে পুরনো যুদ্ধজাহাজটির নাম ফিরিয়ে আনাকে আনন্দের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোও জাহাজটির সক্ষমতার প্রশংসা করেছিল। বার্তা সংস্থা তাস একে ‘সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রবাহী করভেট’ বলে উল্লেখ করে। আর টিভি সেন্টার দাবি করেছিল, এর স্টেলথ প্রযুক্তির কারণে রাডারে জাহাজটিকে ‘দেখা যায় না’।
বিভক্ত লিবিয়া সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন দেশের পরোক্ষ সংঘাতের ময়দানে পরিণত হয়েছে। উত্তর আফ্রিকা ও সাহেল অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘাঁটি হিসেবে পূর্ব লিবিয়াকে ব্যবহার করতে চায় মস্কো। এ লক্ষ্যে খলিফা হাফতারের নেতৃত্বাধীন বেনগাজিভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সরকারকে দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসছে রাশিয়া।
সাম্প্রতিক লিবিয়ায় ইউক্রেনের সামরিক তৎপরতা বাড়ার খবরও পাওয়া যাচ্ছে। এপ্রিলে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা লিবিয়ার পশ্চিমাঞ্চলের মিসরাতা, ত্রিপোলি ও জাওইয়ার সামরিক স্থাপনাগুলোয় কাজ করছেন। সেপ্টেম্বরে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত জাহাজগুলোয় হামলা চালাতে ইউক্রেনকে একটি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে লিবিয়া। তবে এ খবর অস্বীকার করে লিবিয়ার কর্তৃপক্ষ।
জাতিসংঘের স্বীকৃত ত্রিপোলিভিত্তিক প্রতিদ্বন্দ্বী সরকার এক বিবৃতিতে বলেছে, ‘বাহ্যিক সংঘাতসংশ্লিষ্ট কর্মকাণ্ডে বেসামরিক বন্দর ও স্থাপনাগুলোকে জড়িয়ে ফেলার ঝুঁকি’ নিয়ে তারা উদ্বিগ্ন।
হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএসএমআই) হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। পাশাপাশি অবিলম্বে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘লিবিয়া বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হওয়ার মতো অবস্থায় নেই, আর এমনটি হতেও দেওয়া যাবে না।’
নিজেদের সামরিক শিল্প নিয়ে গর্ব করে ইউক্রেন। বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে দেশটির অগ্রগতি উল্লেখযোগ্য। সাড়ে চার বছরের বেশি সময় আগে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এ প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে তারা। যুদ্ধে নিজেদের তৈরি ড্রোনের কার্যকারিতার কথাও বারবার তুলে ধরেছে ইউক্রেন। কৃষ্ণসাগরে রাশিয়ার জাহাজ ও অবকাঠামোয় হামলা চালাতে পুরো যুদ্ধ জুড়েই নৌ-ড্রোন ব্যবহার করেছে দেশটি।
২০২৪ সালে ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, নৌ-ড্রোন ব্যবহার করে ক্রিমিয়া উপদ্বীপের উপকূলে রাশিয়ার অবতরণকারী জাহাজ ‘সিজার কুনিকভ’ ধ্বংস করেছে তারা। ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপটি দখল করে রাশিয়া।
রাশিয়ার তেল পরিবহনে ব্যবহৃত কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর জাহাজেও হামলার দাবি করেছে ইউক্রেন। নিষেধাজ্ঞা এড়াতে এসব জাহাজ ব্যবহার করে রাশিয়া বলে ধারণা করা হয়। গত বছরের ডিসেম্বরে ভূমধ্যসাগরেও এ ধরনের জাহাজে হামলার দাবি করে কিয়েভ। এ ছাড়া মার্চে লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ ডুবে যায়। এ ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন পুতিন।
সূত্র: দ্য গার্ডিয়ান






