১৬ হাজারের বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইউক্রেন, অভিযোগ রাশিয়ার

বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একটি ভবনে আগুন। ছবি: সংগৃহীত
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮১তম বার্ষিকী উপলক্ষে তিন দিনের বিশেষ যুদ্ধবিরতিতে সম্মত হয় রাশিয়া ও ইউক্রেন। ট্রাম্পের অনুরোধে গতকাল রবিবার শেষ হতে যাওয়া এই যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দিন বাড়াতে সম্মত হয় রাশিয়া। তবে রবিবার মস্কো অভিযোগ করে, ১৬ হাজারের বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইউক্রেন।
রবিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্রিমিয়া, বেলগোরোদ, কুরস্ক, কালুগা, রস্তভ ও ক্রাসনোদার অঞ্চলের বেসামরিক স্থাপনায় ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে ইউক্রেন। বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় এক কিশোরসহ পাঁচজন বেসামরিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ।
মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনীয় সেনারা কামান, মাল্টিপল রকেট লঞ্চার, মর্টার ও ট্যাংক ব্যবহার করে রুশ অবস্থান লক্ষ্য করে ৬৭৬টি হামলা চালিয়েছে। এ ছাড়া ৬ হাজার ৩৩১টি ড্রোন হামলা এবং রুশ অবস্থানে আটটি হামলার চেষ্টা করে ইউক্রেনের সেনারা।
রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, শুক্রবার থেকে এখন (রবিবার) পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর ১৬ হাজার ৭১টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর জবাবে “সমানুপাতিক জবাব” হিসেবে গোলাবর্ষণের অবস্থান, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে রুশ বাহিনী।
প্রসঙ্গত, চলমান যুদ্ধের বিভিন্ন সময়ে বড় ধর্মীয় ও জাতীয় ছুটিতে একাধিকবার অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো। গত মাসে রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করলে ৩২ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনী ৬ হাজার ৫০০ বারের বেশি লঙ্ঘন করে বলে অভিযোগ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।




