এবার এমপি পদ ছাড়ছেন স্টারমার

কিয়ার স্টারমার- রয়টার্স
ব্রিটেনের প্রধানমন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার পর এবার পার্লামেন্টের সদস্যপদ ছাড়ার ঘোষণা ক্রিয়ার স্টারমারের। লেবার পার্টির সমর্থন হারানোর পর জুনে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান কিয়ার স্টারমার।
২০২৪ সালে লেবার পার্টিকে ক্ষমতায় আনেন স্টারমার। আধুনিক ব্রিটিশ ইতিহাসে সবচেয়ে বড় সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাগুলোর একটি অর্জন করে দলটি। চার বছর আগে লেবার নেতা হওয়ার সময় দলটির ১৯৩৫ সালের পর সবচেয়ে খারাপ নির্বাচনী ফলের পর এমন ঘুরে দাঁড়ানো ছিল উল্লেখযোগ্য।
তবে সাবেক এই আইনজীবীর প্রধানমন্ত্রিত্বে বেশ কয়েকবার নীতিগত অবস্থান বদলাতে হয়েছে। ভোটারদের সঙ্গে কার্যকরভাবে সংযোগ তৈরি করতে ব্যর্থ হওয়ায় ধীরে ধীরে জনসমর্থন ও নিজের দলের সমর্থনও হারান তিনি।
এর আগে স্টারমার বলেছিলেন, পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে মঙ্গলবার উত্তর লন্ডনের নিজের নির্বাচনী এলাকার স্থানীয় সংবাদপত্র ক্যামডেন নিউ জার্নালকে তিনি সিদ্ধান্ত পরিবর্তন কথা জানিয়ে বলেছেন, এখন ‘আন্তর্জাতিক বিষয়গুলোতে মনোযোগ দিতে’ চান। পরে এক্সে দেওয়া এক বিবৃতিতে এমপি পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন তিনি।
স্টারমারের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসনে কবে উপনির্বাচন হবে, স্থানীয় সংবাদপত্রটির প্রতিবেদনে তা জানানো হয়নি।
২০২৪ সালের নির্বাচনে স্টারমার সাড়ে ১১ হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে আসনটি ধরে রাখেন। তবে ইসরায়েলের গাজা যুদ্ধের বিরোধিতাকে মূল প্রচারণা হিসেবে নেওয়া এক স্বতন্ত্র প্রার্থী প্রায় ১৯ শতাংশ ভোট পেয়েছিলেন।
জুলাইয়ে স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন অ্যান্ডি বার্নহাম। এক দশকে তিনি ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী। বার্নহাম প্রধানমন্ত্রী হওয়ার পর জনমত জরিপে লেবার পার্টির সমর্থন বেড়েছে। তবে মঙ্গলবার পরে পার্লামেন্টের অধিবেশন শুরু হলে তাকে আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।








