উদ্ধারকাজেও রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ ইউক্রেনের, নিহত বেড়ে ৭২

ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরে রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি বিপণিবিতান। ফাইল ছবি / রয়টার্স
ইউক্রেনের একটি গ্রামে রুশ বাহিনীর জোড়া হামলায় অন্তত ৭২ জন নিহত হওয়ার দুই সপ্তাহ পর উদ্ধারকাজেও হামলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, গত ২ নভেম্বর সম্মুখসারির কাছের কোমিশুভাখা গ্রামের একটি মানবিক সহায়তা কেন্দ্রে পরপর দুটি হামলা চালায় রাশিয়া। এর মধ্যে আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ৩ হাজার কেজি ওজনের একটি বোমা ফেলা হয়।
হামলার পর যাচাই করা ছবিতে ঘটনাস্থলে জরুরি সেবার যানবাহন ও মাটি খননের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ বিবিসিকে জানিয়েছে, উদ্ধারকাজ চলার সময়ও রাশিয়ার একাধিক হামলা হয়েছে। এতে তিন পুলিশ কর্মকর্তা, চার উদ্ধারকর্মী ও দুটি উদ্ধারকারী কুকুর আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি যানবাহন।
বিভাগটি আরও জানিয়েছে, বারবার গোলাবর্ষণের আশঙ্কায় উদ্ধারকর্মীদের কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যেতে হচ্ছে। নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭২ হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এটি সবচেয়ে প্রাণঘাতী একক হামলার ঘটনাগুলোর একটি।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর এক গোয়েন্দা কর্মকর্তা ওলেক্সি বলেছেন, উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহনগুলোতে স্পষ্টভাবে পরিচয়চিহ্ন দেওয়া ছিল। তা সত্ত্বেও রাশিয়া ‘ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তার সরঞ্জাম ধ্বংস’ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
তার দাবি, গ্রামের অবকাঠামো এবং সেখানে থাকা মানুষদেরও নিয়মিত ড্রোন ও বোমা দিয়ে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এতে বেসামরিক মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
বিবিসি ইউক্রেনের পুলিশের প্রকাশ করা ভিডিও যাচাই করে দেখেছে, ২ নভেম্বরের হামলার পরদিন উদ্ধারকর্মীরা ‘ড্রোন, ড্রোন’ বলে চিৎকার করে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন ওলেক্সি। তার ভাষায়, রাশিয়া জানে সেখানে মূলত নিহতদের মরদেহ উদ্ধারের মানবিক কাজ চলছে।
হামলার দিন স্থানীয় একটি টেলিগ্রাম গ্রুপে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ত্রাণ বিতরণের খবর পেয়ে মানুষ আশ্রয়কেন্দ্রে জড়ো হয়েছিলেন। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে প্রথম হামলায় ওপরের ভবনগুলোতে আঘাত লাগে। এতে এক নারী নিহত হন।
পুলিশের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধারের চেষ্টা করছেন কয়েকজন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পর পুলিশ সদস্যদের বেতারে দ্বিতীয় হামলার আশঙ্কার সতর্কতা শোনা যায়। একপর্যায়ে সবাইকে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়। সেখানে অপেক্ষার সময় বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিস্ফোরণের পর ধারণ করা ভিডিওতে আশ্রয়কেন্দ্রের ওপর বড় গর্ত এবং ধ্বংসস্তূপের নিচে মরদেহ উদ্ধারের দৃশ্য দেখা গেছে।
অস্ত্র বিশেষজ্ঞ ট্রেভর বল ও যুক্তরাজ্যের সাবেক তদন্ত কর্মকর্তা ক্রিস প্রুপস বলেছেন, ঘটনাস্থলের গর্তের গভীরতা ও ক্ষয়ক্ষতির ধরন রাশিয়ার এফএবি-৩০০০ বোমার সঙ্গে মেলে। ইউক্রেনের দেওয়া গোলাবারুদের ধ্বংসাবশেষের ছবিতেও এই বোমার দিকনির্দেশনা-ব্যবস্থার অংশ দেখা গেছে বলে তারা জানিয়েছেন।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, জেনেশুনে উদ্ধারকর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হলে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে। সিডনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক বেন সল বলেছেন, এটি বেসামরিক মানুষ বা স্থাপনায় ইচ্ছাকৃত হামলা কিংবা নির্বিচার হামলা—দুই ক্ষেত্রেই যুদ্ধাপরাধ হতে পারে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যামুয়েল ময়ন বলেছেন, উদ্ধারকর্মী বা তাদের সরঞ্জাম সরাসরি লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।
সূত্র : বিবিসি




