পুতিনের বিশ্বাস, শেষের পথে ইউক্রেন যুদ্ধ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ৯ মে মস্কোর রেড স্কয়ারে আয়োজিত দেশটির বিজয় দিবসের অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের জানান, ইউক্রেন সংঘাত এখন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে।
এদিন দেশটির বিজয় দিবসের অনুষ্ঠান শেষে পুতিন বিদেশি নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, ‘আমার মনে হচ্ছে ইউক্রেন সংঘাত এখন চূড়ান্ত নিষ্পত্তির দিকে যাচ্ছে।’
‘একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর পর তৃতীয় কোনো দেশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে তার বৈঠক হতে পারে’, যোগ করেন রাশিয়ার প্রেসিডেন্ট।
পুতিন জানান, গত এপ্রিলে এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথা হয়। সেখানে ৮ ও ৯ মে বিজয় দিবস উপলক্ষে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণার পরিকল্পনাকে সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প।
তবে রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতি পালন করা হলেও ইউক্রেন তা মানেনি বলে অভিযোগ করেন পুতিন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতি চলাকালীন ইউক্রেনীয় বাহিনী অন্তত ৮ হাজার ৯৭০ বার তা লঙ্ঘন করেছে।
তবে বিজয় দিবসের অনুষ্ঠানে কিয়েভ কোনো উস্কানি দিলে এর পরিণাম ভয়াবহ হবে বলে আগেই সতর্ক করেছিল মস্কো।
পুতিন জানান, তারা চীন ও ভারতের মতো অংশীদারদের মাধ্যমে কিয়েভকে সতর্ক করেছিলেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটানো হলে কিয়েভের মূল প্রশাসনিক কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালানো হবে। এমনকি সাধারণ নাগরিক ও কূটনীতিকদের আগেভাগেই শহর ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
পুতিনের মতে, এই সতর্কবার্তার কারণেই এড়ানো সম্ভব হয়েছে বড় যেকোনো দুর্ঘটনা।
সূত্র : রাশিয়া টুডে।





