ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার

নিখোঁজ যাত্রীদের মধ্যে এ পর্যন্ত ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে। ছবি: রয়টার্স
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হওয়ার পর উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির কর্মকর্তারা। আজ রবিবার সকালে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চলে উদ্ধার অভিযান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, নিখোঁজ যাত্রীদের মধ্যে এ পর্যন্ত ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন মারা গেছেন। ফলে ১০২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেছে বলে নিশ্চিত করেছেন উদ্ধারকারী সংস্থার এক কর্মকর্তা।
নিখোঁজ জাহাজটির নাম ভার্গো ট্রান্সপোর্ট-৮। গতকাল শনিবার জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমান্তানের বাঞ্জারমাসিন শহরের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে পথিমধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পড়ে রবিবার ভোরে জাহাজটি যোগাযোগ হারিয়ে ফেলে।
বাঞ্জারমাসিনের অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান আই পুটু সুদায়ানা এক ভিডিও বার্তায় জানান, অন্যান্য জাহাজের সাহায্যে এ পর্যন্ত ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য পূর্ব জাভার একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান বা দুর্ঘটনার মূল কারণ এখনো জানা যায়নি। তবে উদ্ধারকারীরা একটি দল, একাধিক জাহাজ এবং একটি হেলিকপ্টার পাঠিয়েছেন জাহাজটির সর্বশেষ জানা অবস্থানের উদ্দেশে।
১৭ হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় যাতায়াতের জন্য ফেরি ও যাত্রীবাহী জাহাজ অত্যন্ত জনপ্রিয় ও নির্ভরযোগ্য বাহন। বিমান ভ্রমণের চেয়ে সমুদ্রপথ সস্তা ও সহজলভ্য হওয়ায় মানুষ এটি বেশি ব্যবহার করেন।
এর আগে, গত ১০ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দ্বীপাঞ্চলীয় দেশ ফিলিপাইনেও সমুদ্রপথে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা।
রাজধানী ম্যানিলা থেকে পর্যটন কেন্দ্র কোরনের উদ্দেশে যাত্রা করা এমভি জুন অ্যাস্টার নামের একটি যাত্রীবাহী ফেরিতে মাঝসমুদ্রে হঠাৎ বিকট শব্দে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত প্রায় ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সূত্র : রয়টার্স




