যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক শাহবাজ শরিফের

জেডি ভ্যান্স ও শেহবাজ শরীফ
মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধে আলোচনার লক্ষ্যে ইসলামাবাদ পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। শনিবার দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তিনি আশা প্রকাশ করেন, এ আলোচনা অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তির জন্য থাকবে গুরুত্বপূর্ণ ধাপ হয়ে।
পাকিস্তানি প্রধানমন্ত্রী ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে।
ভ্যান্সের সঙ্গে বৈঠকে শরিফ উভয় প্রতিনিধিদলের ‘গঠনমূলকভাবে সম্পৃক্ত হওয়ার’ অঙ্গীকারের প্রশংসা করে আশা প্রকাশ করেছেন, ‘অঞ্চলে টেকসই শান্তির পথে এ আলোচনা কাজ করবে একটি সোপান হিসেবে।’
বুধবার ইসলামাবাদ যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিশ্চিত করার পর, সংঘাত নিরসনে আলোচনার জন্য ভ্যান্স ও গালিবাফ পাকিস্তানের রাজধানীতে পৌঁছান।
পাকিস্তান ‘এই অঞ্চলে টেকসই শান্তির পথে অগ্রগতি সাধনে উভয়পক্ষকে সহায়তা অব্যাহত রাখতে আগ্রহী’, বলেও পুনর্ব্যক্ত করেছেন শরিফ।
ভ্যান্সের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। যুক্তরাষ্ট্র পক্ষের সঙ্গে বৈঠকে শরিফের সঙ্গে যোগ দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
ইরানের সরকারি সম্প্রচার মাধ্যম আইআরআইবির তথ্যমতে, যুক্তরাষ্ট্র দলের সঙ্গে বৈঠকের আগে শরিফ গালিবাফের নেতৃত্বাধীন ইরানি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
যদিও ইরানি দলের সঙ্গে শরিফের বৈঠক নিয়ে ইসলামাবাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
গালিবাফের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি আলী বাকেরি কানি।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্য সংঘাতের অবসানের লক্ষ্যে পাকিস্তান এই ঐতিহাসিক আলোচনার আয়োজন করছে। আশা করা হচ্ছে এটি প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় আঙ্গিকে অনুষ্ঠিত হবে।
















