কপ৩১ সম্মেলনে চুক্তি না হওয়ায় দোষ দেওয়া হচ্ছে সৌদিকেও

জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন গত ৯ নভেম্বর শুরু হয়। এরপর নির্ধারিত সময়ের দুদিন পর গতকাল ২২ নভেম্বর শেষ হয় এই সম্মেলন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কপ৩১ সম্মেলনে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি বিশ্বনেতারা। সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে ঐকমত্য না হওয়ায় এ ব্যর্থতার জন্য বিভিন্ন দেশের আলোচকরা সৌদি আরবকেও দায়ী করছেন।
তাদের অভিযোগ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে কোনো ভাষা চুক্তিতে রাখতে রাজি ছিল না সৌদি আরব। দেশটির অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত সমঝোতা সম্ভব হয়নি।
জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন গত ৯ নভেম্বর শুরু হয়। এরপর নির্ধারিত সময়ের দুদিন পর গতকাল ২২ নভেম্বর শেষ হয় এই সম্মেলন।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে ইউরোপ, ছোট দ্বীপরাষ্ট্র, লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকার আলোচকরা বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা জানিয়েছেন।
তারা বলেছেন, সৌদি কর্মকর্তারা সম্মেলনের আয়োজকদের সঙ্গে নিয়মিত বৈঠকের সুযোগ পেয়েছেন। এতে আলোচনায় দেশটি তুলনামূলক বেশি প্রভাব বিস্তার করতে পেরেছে।
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী তেল, গ্যাস ও কয়লার ব্যবহার কমানোর বিষয়টি চুক্তিতে উল্লেখ করার দাবি জানায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কয়েকটি ছোট দ্বীপরাষ্ট্রসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো।
সৌদি আরবের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ইইউর পক্ষে রয়টার্সকে আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী দারাঘ ও’ব্রায়েন বলেছিলেন, ‘আমার বিশ্বাস, এই কপ সম্মেলনকে কয়েকটি তেল উৎপাদনকারী দেশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।’
শুধু সৌদি আরব নয়, ইউরোপীয় ইউনিয়নও নিজেদের অবস্থান কঠোর করেছে। গত শনিবার আলোচনা কোন পর্যায়ে ছিল, জানতে চাইলে ইইউর জলবায়ুবিষয়ক কমিশনার ওউপকে হুকস্ট্রা বলেছিলেন, ‘হয় ভালো চুক্তি হবে, নয়তো কোনো চুক্তিই হবে না।’
তবে তুরস্কের কপ সভাপতির দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সম্মেলনে কোনো দেশকে বিশেষ সুবিধা দেওয়া হয়নি। এ বিষয়ে সৌদি আরব ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সৌদি আরব ও তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব দ্য পেট্রলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) দীর্ঘদিন ধরেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পক্ষে যেকোনো নির্দিষ্ট ভাষা চুক্তিতে যুক্ত করার বিরোধিতা করে আসছে।
তাদের যুক্তি, ভবিষ্যতেও বৈশ্বিক জ্বালানি ব্যবস্থায় এসব জ্বালানির প্রয়োজন থাকবে।
এর আগে ২০২১ সালে গ্লাসগো এবং ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ সম্মেলনের চুক্তিতে জীবাশ্ম জ্বালানির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল।
আলোচকদের মতে, এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা না রাখায় সৌদি আরবের প্রভাব বেড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আগের মতো সমন্বয় না থাকায় সমঝোতা কঠিন হয়ে পড়ে। আগের সম্মেলনগুলোতে এই দুই দেশের বোঝাপড়া অনেক বিষয়ে ঐকমত্য তৈরিতে সাহায্য করেছিল।
সিঙ্গাপুরের পরিবেশমন্ত্রী গ্রেস ফু বলেছেন, ‘আলোচনার সীমা নির্ধারণে আগে এক বা দুটি বড় দেশ ভূমিকা রাখত। এবার সেই সীমারেখা অনেকটাই অস্পষ্ট হয়ে গেছে।’
ডেনমার্কের জলবায়ুমন্ত্রী সামিরা নাওয়া বলেছেন, ‘চুক্তির মূল অংশে যখন জীবাশ্ম জ্বালানির কথা উল্লেখ করা যায় না, তখন মনে হয় এই সম্মেলনে তেল উৎপাদনকারী দেশগুলোর কণ্ঠস্বরই বেশি শক্তিশালী।’






