রাশিয়ার নতুন হামলার প্রস্তুতির তথ্য পেয়ে উদ্বিগ্ন জেলেনস্কি

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্ভাব্য হামলা মোকাবিলায় মিত্রদেশগুলোর কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য আরও ক্ষেপণাস্ত্র চেয়েছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী, জ্বালানি অবকাঠামো, দিনিপ্রো নদীর ওপর থাকা সেতু এবং বেসামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
সম্ভাব্য হামলা প্রতিহত করতে ইউক্রেনের বিমানবাহিনী ও সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে জানান জেলেনস্কি। তবে পরিস্থিতি সহজ নয় বলেও উল্লেখ করেন তিনি।
জেলেনস্কি বলেন, ‘প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্রয়োজন। প্রতিটি চুক্তিই গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্র সরবরাহের ক্ষেত্রে প্রতিটি দিন অত্যন্ত মূল্যবান। আমরা আমাদের অংশীদারদের জোরালোভাবে অনুরোধ করছি, তাঁরা যেন সরবরাহে দেরি না করেন।’
যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা চললেও ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটিকে আরও একটি কঠিন শীতের মুখোমুখি হতে হচ্ছে।
বৃহস্পতিবার মাদ্রিদে লাতিন আমেরিকার দেশগুলোর এক সম্মেলনে যোগ দেন জেলেনস্কি। সেখানে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পেতে ইউক্রেনকে সহায়তা করার আহ্বান জানান তিনি।




