ফুটসাল লিগ যুগে বাংলাদেশ

দেশের ইতিহাসের প্রথম ফুটসাল লিগ শুরু হচ্ছে বৃহস্পতিবার। ছবি: সংগৃহীত
মাঠে গড়াতে যাচ্ছে ‘ফুটসাল লিগ বাংলাদেশ ২০২৫-২৬’। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় দেশের ইতিহাসের প্রথম ফুটসাল লিগ শুরু হচ্ছে আগামীকাল। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পুরুষ ও নারী বিভাগে অংশ নেবে ১১টি করে দল।
বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী দিনেই কোর্টে গড়াচ্ছে তিনটি ম্যাচ।
বিকেল ৫টায় প্রথম ম্যাচে নারী বিভাগে মুখোমুখি হবে আর্মি (বিএএসসিএল) ও বিকেএসপি। এরপর সন্ধ্যা ৭টায় পুরুষ বিভাগে একই দুই দলের (আর্মি ও বিকেএসপি) লড়াই অনুষ্ঠিত হবে। দিনের শেষ ম্যাচে রাত ৯টায় পুরুষ বিভাগে লড়বে জেনন এফসি ও অ্যাথলেটিক ক্লাব।
ফুটসাল লিগের প্রথম আসরে অংশ নিচ্ছে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি, জেনন এফসি,বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, বিকেএসপি, চাঁদপুর জেলা, ঢাকা অ্যাথলেটিক, ফকির এফসি, আইএম টেন এফসি, স্পোর্টস ফিল্ড লজিস্টিকস, টেকভিল ফুটসাল ক্লাব।
সাবিনা খাতুনসহ সাফ ফুটসাল জয়ী ৮ জন নিয়ে দল গড়েছে আইএম টেন এফসি। ছেলেদের বিভাগে আইএম টেনের হয়ে মাঠ মাতাবেন কাজী ইব্রাহিম ও মঈদ আহমেদ।
ওয়ারিয়র স্পোর্টসে আছেন সাফজয়ী দুই খেলোয়াড় সুমি খাতুন ও ইতি রানীকে। অন্যান্য দলের মধ্যে সেনাবাহিনীর জার্সিতে দেখা যাবে মেহেনুর আক্তার ও নওশন জাহানকে। টেকভিল ফুটসাল ক্লাবে খেলবেন সানজিদা আক্তার ও ফায়েদ আজিম।
ফুটবল বিশ্বকাপের ২৪ মে থেকে ২২ জুলাই টানা দুই মাস লিগ বন্ধ থাকবে।




