জুনিয়র হকি এশিয়া কাপ
স্বাগতিক চীনের কাছে হেরে শুরু যুবাদের

হার দিয়ে জুনিয়র এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। শুক্রবার চীনের মকি শহরে গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিকদের সঙ্গে এগিয়ে থেকেও ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। তৃতীয় কোয়ার্টারে ছিল ২-২ সমতা। তবে চতুর্থ কোয়ার্টারে গোল হজম করে পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হয় যুবাদের।
ম্যাচের ষষ্ঠ মিনিটে চীন লিড নিয়েছিল অধিনায়ক ওয়াং ইউবো’র সফল পেনাল্টি কর্নার থেকে। কয়েক সেকেন্ড পরেই বাংলাদেশ সমতা ফিরেছে দ্বীন ইসলামের নিঁখুত ফিনিশিংয়ে। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ লিড পায়। ২৬ মিনিটে ফিল্ড গোল করেন মেহেদী হাসান। তৃতীয় কোয়ার্টারে অবশ্য চীন ম্যাচ ফেরে পিসি থেকে গোল করে। ওয়েনজুয়ান গোল করেন। আর ৫৩ মিনিটে জিংরান সান ফিল্ড গোল্ড করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।
আগামীকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল প্রথম ম্যাচ খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে। অন্যদিকে রবিবার পুরুষ দলের দ্বিতীয় ম্যাচ মালয়েশিয়ার সঙ্গে। গ্রুপ পর্বে তাদের আরও খেলতে হবে কাজাখস্তান ও পাকিস্তানের বিপক্ষে। নারী ও পুরুষ টুর্নামেন্টের সেরা ছয়টি করে দল জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।





