আর্জেন্টিনা
স্কালোনির চুক্তি নবায়নের ইঙ্গিত, রাখতে চান সহকর্মীকেও

লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ের পর এবার কোচিং প্যানেল ধরে রাখা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে আর্জেন্টিনা জাতীয় দল। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আলবিসেলেস্তেদের ডাগআউটে নিজের মেয়াদ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন লিওনেল স্কালোনি। তবে এই যাত্রায় তিনি তার অন্যতম প্রধান সহকর্মী ও বিশ্বস্ত বন্ধু ওয়াল্টার স্যামুয়েলকে ধরে রাখার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন সফল এই কোচ।
এর আগে গুঞ্জন ছিল যে, কোচিং স্টাফের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ওয়াল্টার স্যামুয়েল ডিসেম্বরে তার চুক্তি নবায়ন না করে ইউরোপীয় কোনো ক্লাবের প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করার কথা ভাবছেন। তবে স্কালোনি ইতোমধ্যে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন এবং তার এই বিশ্বস্ত সহকর্মীকে ধরে রাখতে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। ফিফা আন্তর্জাতিক বিরতির আগে স্যামুয়েলের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি জানান, ‘সে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার একজন ভালো বন্ধু। আমি তার জন্য সবসময় ভালোটাই চাই। তবে সে যদি কোনো সিদ্ধান্ত নিতেই চায়, তবে তাকে সেই সুযোগ দেওয়াটাই ন্যায্য।" একই সঙ্গে স্যামুয়েলের গুরুত্ব বোঝাতে গিয়ে স্কালোনি কিছুটা আবেগী সুরে যোগ করেন, ‘তার জন্য দরজা খোলা আছে। যদি এমনটাই ঘটে, তবে সেটি আমাদের জন্য একটা বিশাল ক্ষতি হবে। সে না থাকলে কী পরিস্থিতি দাঁড়াবে, সেটাই এখন দেখার বিষয়।’
আর্জেন্টিনার কোচিং স্টাফে ওয়াল্টার স্যামুয়েলের সময়কাল ইতোমধ্যে আট বছর পূর্ণ হতে চলেছে। এই দীর্ঘ সময়ে তিনি স্কালোনির সঙ্গে জুটি বেঁধে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জয়ের গৌরব অর্জন করেছেন। এর বাইরে ২০১৯ কোপা আমেরিকার তৃতীয় স্থান অর্জন এবং ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে রানার্সআপ হওয়ার পথেও তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।
মেসি-পরবর্তী যুগে স্কালোনির এই নতুন মিশনে স্যামুয়েল তার সঙ্গে থাকবেন কি না, তা নিয়ে এখন থেকেই ফুটবলপ্রেমীদের নজর রয়েছে আর্জেন্টিনা শিবিরের দিকে।





