কোমোর অবিশ্বাস্য উত্থান
১ মিলিয়ন থেকে ১ বিলিয়ন

সংগৃহীত ছবি
ইতালির কোমো হ্রদের তীর ঘেঁষে গড়ে ওঠা ফুটবল ক্লাব ‘কোমো ১৯০৭’। ছোট্ট এই ক্লাবটিই বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম বড় এক বিস্ময়। মাত্র কয়েক বছর আগেও তারা ইতালির তৃতীয় বিভাগে ধুঁকছিল, ছিল আর্থিক দেউলিয়াত্বের শঙ্কায়ও। সেই ক্লাবটিই খেলছে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে! ১০ বছরেরও কম সময়ে ১ মিলিয়ন ইউরোর কম মূল্যের একটি ক্লাব কীভাবে ১ বিলিয়ন ইউরোর পথে এগিয়ে গেল, এ যেন রূপকথার এক গল্প।
নতুন মালিকে ভাগ্যবদল
২০১৯ সালে ইন্দোনেশিয়ার অন্যতম ধনী ব্যবসায়ী পরিবার 'জারুম গ্রুপ' যখন কোমোকে কিনে নেয়, তখন এর বাজারমূল্য ছিল ১ মিলিয়ন ইউরোর কম। নতুন মালিকের অধীনেই জাদুকরী উন্নতি হয়েছে ক্লাবটির। ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মিরওয়ান সুওয়ারসো জানান, ব্র্যান্ড ইমেজ, পর্যটন এবং ফুটবলের সমন্বিত উন্নতির মাধ্যমে ক্লাবটির মূল্য এখন ১ বিলিয়ন ইউরো ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে।
জারুম গ্রুপের কোমোকে কিনে নেওয়ার পেছনের গল্পটাও চমকে দেওয়ার মতো। গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান 'মোলা টিভি' মূলত ইতালির ফুটবল নিয়ে একটি ডকুমেন্টারি তৈরির জন্য স্পট খুঁজছিল। মিলানে ভ্রমণের সময় হঠাৎই লেক কোমোর মনোরম পরিবেশ ও জরাজীর্ণ ক্লাবটির সন্ধান পান প্রেসিডেন্ট সুওয়ারসো। ছোট্ট এই ক্লাবকে বড় অবস্থানে নিয়ে যাবেন, এই স্বপ্ন থেকেই কোমোকে কেনে তারা।
ডেনিস ওয়াইসের নেতৃত্বেই বাজিমাতের শুরু
জারুম গ্রুপ চেলসির প্রাক্তন মিডফিল্ডার ডেনিস ওয়াইসকে ক্লাবের দায়িত্ব দেয়। তিনি একাধারে সিইও এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে ক্লাবের একাডেমি, ট্রেনিং গ্রাউন্ড ও সমর্থক গোষ্ঠী নতুন করে গড়ে তোলেন। সীমিত বাজেটে ধারে ফুটবলার এনে একটা দল দাড় করান। সেই দল দারুণ পারফর্ম করে দলকে তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নিয়ে আসে।
সেস ফ্যাব্রেগাসের আগমনেই খুলল ভাগ্য
২০২২ সালে সেস ফ্যাব্রেগাস খেলোয়াড় এবং শেয়ারহোল্ডার হিসেবে কোমোতে যোগ দেন। তার আগমনেই মূলত বদলে যায় ক্লাবের ভবিষ্যৎ। পরবর্তীতে ২০২৪ সালে দীর্ঘ ২০ বছর পর দল সিরি আতে উত্তীর্ণ হলে ফ্যাব্রেগাসই দলের প্রধান কোচের দায়িত্ব নেন। তার আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবল কৌশলে ভর করে সিরি আ-তে দুর্দান্ত সাফল্য পায় দলটি।
স্বপ্নের চ্যাম্পিয়নস লিগ
ইতিহাস গড়ে সিরি আতে ফিরেই চতুর্থ হয় কোমো, পায় চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগও। আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ঐতিহাসিক অভিষেক হতে যাচ্ছে তাদের। এই ম্যাচকে ঘিরে ক্লাবের প্রবীণ সমর্থকদের জন্য নির্বাহী সদস্যরা তাদের নিজস্ব সিট ছেড়ে দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন।
'ডিজনিল্যান্ড' মডেল ও হলিউড তারকাদের আকর্ষণ
দারুণ এক ব্যবসায়িক মডেলে আয়ের বড় উৎস বের করেছে কোমো। ফুটবলকে তারা যুক্ত করেছে হ্রদের পর্যটনের সঙ্গে। সুওয়ারসো এই কৌশলকে 'ডিজনিল্যান্ড'-এর থিম পার্কের সাথে তুলনা করেছেন। গত ১৮ মাসে হিউ গ্রান্ট, কেইরা নাইটলি, মাইকেল ফাসবেন্ডার, বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং হিউ জ্যাকম্যানের মতো হলিউড তারকারা গ্যালারিতে এসে ভিড় জমিয়েছেন।





