সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

সংগৃহীত ছবি
সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিতের আবেদন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। এসংক্রান্ত একটির রিটের আদেশের পরিপ্রেক্ষিতে এ আবেদন করেছেন তারা।
আদালত সূত্র জানিয়েছে, সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিতে হাইকোর্টের নির্দেশনা চেয়ে গত ১ সেপ্টেম্বর একটি রিট পিটিশন দায়ের করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।
শুনানি শেষে গত ৩ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশ দেন বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদেশে আগামী ৬০ দিনের মধ্যে আবেদনের বিষয়টি নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।
এই আদেশের পরিপ্রেক্ষিতে বিএফএ থেকে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এই সময়ের মধ্যে সার ডিলার নিয়োগের কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয়েছে চিঠিতে।
বিএফএ জানিয়েছে, সম্প্রতি কৃষি মন্ত্রণালয় সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ এবং জরুরি প্রয়োজনে সার ডিলার নিয়োগের জন্য পরিপত্র জারি করেছিল। তবে এই নীতিমালার কিছু বিধান বিদ্যমান সার ডিলার, কৃষক এবং সংশ্লিষ্ট অংশীজনদের স্বার্থবিরোধী, অসংগতিপূর্ণ ও বেআইনি দাবি করে তা স্থগিত চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়। আবেদনটির কোনো উত্তর না পাওয়ায় পরবর্তী সময়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে বিএফএ।
এ বিষয়ে জানতে কৃষিসচিব মো. সেলিম খানের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। পরে খুদে বার্তা পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি।





