রুমিন ফারহানা
বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

সংসদ অধিবেশনে বক্তব্য দেন রুমিন ফারহানা— ছবি ভিডিও থেকে নেওয়া
বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব— বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
আজ বুধবার সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে একটি বিলের ওপরে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তার এ মন্তব্যকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয় সংসদে।
সংসদ অধিবেশনে রুমিন ফারহানা বলেছেন, ‘প্রতিটি সরকারের একটি চরিত্র থাকে। যেমন— বিএনপি সরকার ক্ষমতায় আসবে আর গ্যাস, বিদ্যুৎ সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা অসম্ভব।’
তিনি আরও বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আবার সারের সংকট হবে না, এটা হতে পারবে না। বিএনপি ক্ষমতায় আছে, সার কারখানা— সেটা লুট করবে না, সেটাও হতে পারে না।’
বক্তব্যে ঋণখেলাপি প্রসঙ্গে রুমিন ফারহানা বললেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণখেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানেই ঋণখেলাপিতে সর্বোচ্চ হওয়া, ৬ লাখ ৬ হাজার কোটি টাকার ওপরে ঋণখেলাপি হওয়া ইত্যাদি ইত্যাদি। এ সংসদে বেশিরভাগ সংসদ সদস্য ঋণখেলাপি হিসেবে পরিচিত।’
তার এ মন্তব্যের পর সংসদে হট্টগোল শুরু হয়। তবে এর মধ্যেও বক্তব্য চালিয়ে যান তিনি। এ সময় স্পিকারকে সম্বোধন করে রুমিন ফারহানা বললেন, ‘এত অসহিষ্ণু সংসদ। মনে হয়, যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি। আওয়ামী লীগকে যখন বলতাম, তখন তারাও হট্টগোল করত। এখন বিএনপি একই ধরনের আচরণ করছে, আরও খারাপ আচরণ।’






