ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য মেসির ২৬ লাখ ইউরো দান

সংগৃহীত ছবি
মাঠের বাইরে মানবিক কাজে নিজের উদারতার পরিচয় দিয়ে চলেছেন লিওনেল মেসি। এবার শিশুদের ক্যানসারের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দান করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
ফরাসি সংবাদমাধ্যম ফুট মার্কার প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনায় শিশুদের ক্যানসারের চিকিৎসার জন্য নির্মাণাধীন একটি বড় হাসপাতাল কমপ্লেক্সে ২৬ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি টাকা) দান করেছেন মেসি।
বার্সেলোনার সান্ত হোয়ান দে দেউ হাসপাতালকেন্দ্রিক এই প্রকল্পে বছরে অন্তত ৪০০ শিশুকে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই ছাদের নিচে ক্যানসারের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সেবা এনে শিশুদের সম্পূর্ণ চিকিৎসা নিশ্চিত করাই প্রকল্পটির মূল লক্ষ্য।
শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার মতো বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরেই দাতব্য কর্মকাণ্ডে যুক্ত মেসি। তার ফাউন্ডেশনের ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী, শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় সহায়তা করেছেন তিনি। নিজের জন্মস্থান আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জামও দিয়েছেন মেসি।
এ ছাড়া আফ্রিকার দেশ মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায় পরিচালিত একটি কর্মসূচিতেও সহায়তা করেছেন আর্জেন্টাইন তারকা।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের জন্যও নিয়মিত আলোচনায় থাকেন মেসি। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ও কল্যাণে নিজের জনপ্রিয়তা ও আর্থিক সামর্থ্য কাজে লাগিয়ে বিভিন্ন উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন ইন্টার মায়ামির এই তারকা।



