কীভাবে মেসিকে বিদায়ী ম্যাচ খেলতে রাজি করিয়েছেন স্কালোনি?

সংগৃহীত ছবি
বিশ্বকাপের দেড় মাস পর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। লিওনেল মেসি কি তাহলে মাঠ থেকে বিদায় নিতে পারবেন না, এ নিয়েই ছিল গুঞ্জন। শেষ পর্যন্ত বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি। কীভাবে মেসিকে এই ম্যাচ খেলার জন্য রাজি করালেন কোচ লিওনেল স্কালোনি?
বাবার মৃত্যুর পর মেসি আভাস দিয়েছিলেন, দেশের জার্সিতে আর হয়তো খেলবেন না। গত ৩১ আগস্ট তিনি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। তখন বিশ্বকাপ ফাইনালকেই ধরা হচ্ছিল দেশের হয়ে তার শেষ ম্যাচ।
তবে গত ১৫ সেপ্টেম্বর মেসিকে নিয়েই আসন্ন তিনটি প্রীতি ম্যাচের দল ঘোষণা করা হয়। জানানো হয়, ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের ইতি টানবেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ট্রেনিং কমপ্লেক্সে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্কালোনি বললেন, মেসির প্রতি শ্রদ্ধা জানানোর বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়, ‘যে পরিস্থিতির মধ্য দিয়ে সে যাচ্ছিল, তা আমরা সবাই জানতাম। তারপরও যারা তাকে ভীষণ ভালোবাসে, তাদের কাছে এসে বিদায় জানানোর আগ্রহ দেখিয়েছে। যদি শ্রদ্ধা জানানোর কোনো আয়োজনের কথা ভাবা হয়, তাহলে তা এখনই করা উচিত। কারণ সে খেলা চালিয়ে গেলেও হয়তো কিছুদিন পর তার সেই জাদুকরি প্রভাব আগের মতো থাকবে না, আর এই ভালোবাসা অনুভব করার উপযুক্ত সময় এখনই।‘
স্কালোনি জানালেন কীভাবে মেসিকে রাজি করিয়েছেন তিনি, ‘তার সঙ্গে কথা বলেছিলাম আমি। তাকে বোঝানোর জন্য আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম যে, হলে এখনই নয়তো কখনোই নয়। কারণ পরে কী হবে, তা কেউ জানে না। সে বিষয়টি বুঝতে পেরেছিল। এএফএ এবং সভাপতিও তাদের ভূমিকা পালন করেছেন। দারুণ ব্যাপার, এটা তার প্রাপ্য। এখন যা কিছু করা সম্ভব, তা এখনই করে ফেলা ভালো।‘



