জিতেও দুয়ো শুনলেন এমবাপ্পে-পেরেস

চোট কাটিয়ে ফিরে দুয়ো শুনেছেন এমবাপ্পে। ছবি: সংগৃহীত
টানা দুই মৌসুম ট্রফিহীন রিয়াল মাদ্রিদ। সমর্থকরা তাই ক্ষোভ ঝাড়লেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস আর দলের সেরা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের ওপর।
পেরেস আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি পদত্যাগ করছেন না। ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে এ নিয়ে কিছু সমর্থক তাকে সরে যাওয়ার বার্তা দিতে নিয়ে এসেছিলেন ব্যানার। আর এমবাপ্পেকেও তারা দিয়েছেন দুয়ো।
লা লিগার শিরোপা হারানো রিয়াল অবশ্য ২-০ গোলে সহজেই হারিয়েছে ওভিয়েদোকে। ৪০তম মিনিটে গনসালো গার্সিয়ার গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের পাসে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শট জালে জড়ান তিনি।
৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহাম। বদলি নামা এমবাপ্পের পাসে গোল করেন তিনি। চোট কাটিয়ে এই ম্যাচে তিন সপ্তাহ পর ফিরলেন এমবাপ্পে।
ম্যাচ শেষে মিক্সড জোনে তিনি বলেছেন,‘আমি একাদশে খেলতে তৈরি ছিলাম। কিন্তু কোচ নামালেন বদলি হিসেবে। কোচ বলেছেন আমি দলের চতুর্থ পছন্দের স্ট্রাইকার!’
৩৬ ম্যাচে ২৫ জয় ও পাঁচ ড্রয়ে ৮০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। লা লিগার শিরোপা জেতা বার্সেলোনার পয়েন্ট সমান ম্যাচে ৯১।





