আর্জেন্টিনার নতুন অধিনায়ককে দি মারিয়ার সমর্থন

সংগৃহীত ছবি
লিওনেল মেসির পর আর্জেন্টিনার নেতৃত্বে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। জাতীয় দলের নতুন স্থায়ী অধিনায়ক হিসেবে ক্রিস্তিয়ান রোমেরোর নাম নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি। এমন সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা আনহেল দি মারিয়া।
আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার কথা মেসির। তার বিদায়ের পরই আনুষ্ঠানিকভাবে অধিনায়কের দায়িত্ব নেবেন রোমেরো। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার এর আগে দলের নেতৃত্বের তালিকায় তৃতীয় অবস্থানে ছিলেন। তার ওপরে ছিলেন মেসি ও নিকোলাস ওতামেন্দি।
অবশ্য নেতৃত্বের অভিজ্ঞতা রোমেরোর একেবারে নতুন নয়। সিনিয়র খেলোয়াড়েরা না থাকায় চিলির, ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
স্কালোনির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দি মারিয়া। স্পোর্টস সেন্টারে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই আর্জেন্টাইন উইঙ্গার বলেন, ‘সে এটার প্রাপ্য। আমার মনে হয় স্কালোনি ও তার কোচিং স্টাফ দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছেন। সে দারুণ একজন মানুষ। অধিনায়কের আর্মব্যান্ড বহন করার মতো মানসিকতাও তার আছে। আমি নিশ্চিত সে খুব ভালো করবে।’
নতুন নেতৃত্বের সময়েও আর্জেন্টিনা সমর্থকদের দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দি মারিয়া। তার বিশ্বাস মেসির পরও জাতীয় দল সমর্থকদের আনন্দ দেওয়ার মতো পারফরম্যান্স করে যাবে।
রোমেরোকে অধিনায়ক করার সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন স্কালোনি। আর্জেন্টিনা কোচ জানিয়েছেন, মেসি ও ওতামেন্দির পর নেতৃত্বের তালিকায় আগে থেকেই রোমেরো ছিলেন। তাই পরিবর্তনের সময় তাকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।
স্কালোনির নেতৃত্বের তালিকায় রোমেরোর পর আছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। রদ্রিগো দি পল ও লাউতারো মার্তিনেসও প্রয়োজনে আর্মব্যান্ড পরতে পারেন বলে জানিয়েছেন কোচ।
মেসির বিদায়ের আগে আর্জেন্টিনার সামনে রয়েছে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে দুটি ম্যাচ। এরপর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক বিদায়। সেই ম্যাচের পরই নতুন অধিনায়ক রোমেরোর হাতে উঠবে আর্জেন্টিনার নেতৃত্বের দায়িত্ব।



