হামজা-শমিতদের ছাড়াই সাফের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ

সংগৃহীত ছবি
দেশের মাঠে সাফ চ্যাম্পিয়ানশিপে শিরোপায় চোখ রেখেই খেলবে বাংলাদেশ। তবে শুরুতেই ধাক্কা খাচ্ছে থমাস ডুলির দল। ৫ নভেম্বর সাফে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে হামজা চৌধুরী-শমিত সোমসহ বেশিরভাগ প্রবাসী খেলোয়াড় পাবে না বাংলাদেশ।
কারণ ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর থেকে। আর সাফ শুরু হয়ে যাচ্ছে এরও আগে। ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীর ম্যাচ আছে ৭ নভেম্বর পর্যন্ত। নিউইয়র্ক কসমসে খেলা শমিতও ছাড়পত্র পাবেন না ৯ নভেম্বরের আগে। সোমবার রাজধানীর ফর্টিস ডাউনটাউনে জাতীয় দল কমিটির বৈঠকের পর সে কথাই জানালেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
তাবিথ আউয়াল বললেন, ‘সাফে উদ্বোধনী ম্যাচের জন্য আমরা পূর্ণ স্কোয়াড পাব না। ৯০ শতাংশ প্রবাসী খেলোয়াড়কে ৯ নভেম্বরের পরে পাব। প্রথম ম্যাচের পর হয়তো ভিন্ন দল থাকবে। ক্যাম্প শুরু হবে ২৫ অক্টোবর। আমার কোচের সঙ্গে কথা হয়েছে। ভুটানের বিপক্ষে ম্যাচে স্থানীয়দের দিয়েই খেলতে হবে।’
আসিয়ান কাপে ভরাডুবির পরও বাফুফে এখনও কোচ ডুলিকে ছাঁটাইয়ের পথে যাচ্ছে না বলে জানিয়েছেন তাবিথ আউয়াল, ‘ফুটবল বিশ্বে খেলোয়াড় ও কোচিং স্টাফদের পরিবর্তন আসা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে এর মানে এই নয় যে আমরা এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, বরং দলের প্রয়োজনে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্তের পথ খোলা রয়েছে। আসিয়ান কাপ নিয়ে প্রতিটি বিভাগকে জবাবদিহিতার আওতায় এনেছি। আমি নিজেও একাউন্টেবল টু দ্য কমিটি।’
সাফের আগে প্রস্তুতি ম্যাচের আয়োজন নিয়ে তাবিথ বলেন, ‘আমরা চেষ্টা করে দেখব যে বিদেশ থেকে কোনো টিম আনঅফিশিয়াল উইন্ডোর বাইরে খেলতে আসবে কি না। একটা প্রীতি ম্যাচ করতে হবে। আমরা কিছু কিছু ক্লাবের সঙ্গেও কথা বলব।’



