ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কৃতী শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) কলা অনুষদের আরসি মজুমদার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ আলমোজাহেদী আলফেছানি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আবুল কালাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, আরবি ভাষা শুধু একটি অঞ্চলের ভাষা নয়, এটি আন্তর্জাতিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও সমৃদ্ধ সংস্কৃতিরও ভাষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে বাংলাদেশ, আফ্রিকা ও আরব বিশ্বের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং শিক্ষা ও গবেষণায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা নবীনদের বিশ্ববিদ্যালয়জীবনে স্বাগত জানান। বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিভাগের পক্ষ থেকে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
বিভাগের তিনটি বৃত্তি তহবিল থেকে মোট ৪০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়। তহবিলগুলো হলো খন্দকার মোহাম্মদ হাবিবুল্লাহ বৃত্তি তহবিল, অধ্যাপক ড. আজম কুতুবুল ইসলাম নোমানী বৃত্তি তহবিল এবং অধ্যাপক ড. মুহাম্মদ ফজলুর রহমান বৃত্তি তহবিল। এ ছাড়া অসাধারণ মেধার স্বাক্ষর রাখায় নারী শিক্ষার্থী আবিদা সুলতানা কনাকে এককালীন বিশেষ বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. এবিএম ছিদ্দিকুর রহমান নিজামী। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ মিজানুর রহমান আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিভাগের শিক্ষার্থীরা দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মেধার স্বাক্ষর রাখছেন। শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। নবীনদের নিষ্ঠার সঙ্গে পড়াশোনা এবং বিদায়ী শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



