নেইমারের ক্ষোভ
আমার পা না ভাঙা পর্যন্ত কি ফাউল হবে না?

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের (ব্রাসিলেইরাও) ৩৬তম রাউন্ডে গ্রেমিওর কাছে ২–০ গোলে হেরে গেছে সান্তোস। সোমবার রাতে সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে দলের এমন অপ্রত্যাশিত হারের পর ম্যাচ রেফারি রামোন আবাতি আবেলের তীব্র সমালোচনা করেছেন সান্তোস অধিনায়ক নেইমার। ম্যাচজুড়ে বারবার ফাউলের শিকার হয়েও প্রতিপক্ষ খেলোয়াড়দের কার্ড না দেখানো এবং ভিএআর রিভিউর পর গ্রেমিওকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।
ম্যাচ শেষে নেইমার অভিযোগ করেন, রেফারি পুরো ম্যাচে গ্রেমিওর সুবিধামতো সিদ্ধান্ত দিয়েছেন। সান্তোসের ১০ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড বলেন, ‘আমার মনে হয় রেফারি ওরা (গ্রেমিও) যা চেয়েছে, তা-ই করেছেন। তিনি কোনো হলুদ কার্ড দেখাননি। ভুল না করলে প্রথমার্ধেই আমি দশটির বেশি ফাউলের শিকার হয়েছি। এটা অগ্রহণযোগ্য। আর কত ফাউল হতে হবে... যতক্ষণ না আমার পা ভেঙে যায়!’ ক্ষুব্ধ নেইমার আরও বলেছেন, ‘আমি এখানে ড্রিবল করছি, প্রতিপক্ষ আমাকে টেনে ধরছে, আঘাত করছে, অথচ সেটা ফাউল হচ্ছে না। আমি দক্ষ এবং খেলোয়াড়দের কাটিয়ে যেতে পারি বলেই কি ওরা বাড়তি সুবিধা পাবে? ওরা ফাউল করলে রেফারি সেটা ধরবে না? আবাতি আজ খুব বাজে রেফারিং করেছেন, ভীষণ বাজে! এটি আমাদের দলের ক্ষতি করেছে।’
রেফারির সিদ্ধান্তের পাশাপাশি দলের নিজেদের ভুলকেও হারের জন্য দায়ী করেছেন নেইমার। ম্যাচের নিয়ন্ত্রণ সান্তোসের হাতে থাকলেও সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ ঝরে তার কণ্ঠে, ‘এটি খুব বাজে একটি ফলাফল। আজ গ্রেমিওর কাছে হারব তা আমরা মোটেও আশা করিনি; বরং এটি নিশ্চিত জয়ের ম্যাচ ছিল। কিন্তু আমরা গ্রেমিওকে সুযোগ দিয়েছি। ওরা প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে গোল করেছে এবং খুব ভালোভাবে রক্ষণ সামলেছে। আমার মনে হয় ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল, আমরা গোলের যোগ্য ছিলাম, কিন্তু কিছু দিন এমন যায় যখন বল জালে ঢুকতেই চায় না।’
নিজেদের ভুল স্বীকার করে সান্তোস অধিনায়ক আরও যোগ করেন, ‘আমরা তালগোল পাকিয়ে ফেলেছি। ম্যাচে তিনটি ভুল করেছি এবং ওরা সেগুলোর সুযোগ নিয়েছে। আমরা আগেই জানতাম এটাই ওদের খেলার পরিকল্পনা, তবুও ওদের এগিয়ে যাওয়ার ও গোল করার সুযোগ করে দিয়েছি। এরপর ম্যাচ কঠিন হয়ে যায়, তখন আর করার কিছু থাকে না।’
এই হারে ৩৬ রাউন্ড শেষে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে সান্তোস। লিগে নিজেদের অবস্থান সুসংহত করতে আগামী রবিবার (২৯ নভেম্বর) সালভাদরের বারাদাও স্টেডিয়ামে ভিটোরিয়ার মুখোমুখি হবে নেইমারের দল।





