ইউনাইটেডকে গুঁড়িয়ে দেওয়া কে এই ১৮ বছরের কিশোর?

ইংলিশ প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪–০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। অ্যানফিল্ডে রবিবার রাতে সবার নজর কেড়েছে ১৮ বছরের কিশোর রিও এনগুমোহা। ইউনাইটেডের রক্ষণভাগকে তছনছ করে গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। লিভারপুলের সাবেক মিডফিল্ডার ড্যানি মারফি তাকে আখ্যা দিয়েছেন ‘ওয়াও’ খেলোয়াড় হিসেবে। কিন্তু ফুটবল বিশ্বে ঝড় তোলা এই তরুণ বিস্ময় আসলে কে?
২০০৮ সালের ২৯ আগস্ট লন্ডনের নিউহ্যামে জন্ম রিও চিমা এনগুমোহার। নাইজেরিয়ান ও গুয়াদেলুপীয় বংশোদ্ভূত এনগুমোহা মাত্র আট বছর বয়সে চেলসির একাডেমিতে যোগ দেন। চেলসির বয়সভিত্তিক দলে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে ২০২৪ সালে অনূর্ধ্ব-১৭ প্রিমিয়ার লিগ কাপের ফাইনালে গোল করে দলকে শিরোপা জেতান তিনি। সে বছরই ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর প্রিমিয়ার লিগের সেরা ২০ তরুণ প্রতিভার তালিকায় জায়গা করে নেন এই উইঙ্গার। ২০২৪ সালে চেলসির একাডেমি ছেড়ে লিভারপুলে যোগ দেন এনগুমোহা এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে অলরেডদের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি সই করেন। লিভারপুলের মূল দলে সুযোগ পেয়েই একের পর এক রেকর্ড গড়তে শুরু করেন তিনি। চলতি বছরের ১১ এপ্রিল ফুলহামের বিপক্ষে ২–০ গোলের জয়ে গোল করে অ্যানফিল্ডে লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার (১৭ বছর ২২৫ দিন) রেকর্ড গড়েন এনগুমোহা—যা আগে ছিল রাহিম স্টার্লিংয়ের দখলে। ২০২৫–২৬ মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা ‘হোম গ্রোন ডেবিউট্যান্ট’ (ঘরের মাঠের সেরা অভিষিক্ত তরুণ) পুরস্কারও জেতেন ৭৩ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড।
ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ ও ১৯ দলের হয়ে আলো ছড়ানোর পর ২০২৬ সালে জাতীয় দলেও অভিষেক হয় এনগুমোহার। ১৮ বছর ৩১ দিন বয়সে ইংল্যান্ডের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমে ওয়েইন রুনি ও জুড বেলিংহামের পর তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার কীর্তি গড়েন তিনি। এরই মধ্যে থ্রি লায়ন্সদের জার্সিতে ৪টি ম্যাচ খেলে ফেলেছেন এই তরুণ।
কোডি গাকপোর চোটের কারণে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র দ্বিতীয়বার শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন এনগুমোহা। ম্যাচের অষ্টম মিনিটে লেনি ইয়োরো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। ১০ মিনিটে দমিনিক সোবোসলাইয়ের গোলের পর ১৩ মিনিটে এনগুমোহার দুর্দান্ত অ্যাসিস্ট থেকে ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টৎজ। এরপর ৬৬ মিনিটে নিজেই জালের দেখা পান এনগুমোহা। ৮২ মিনিটে চতুর্থ গোলটি করেন বদলি নামা ভিক্টর মুনোজ।
ম্যাচজুড়ে ইউনাইটেডের দিয়োগো দালোতকে ব্যতিব্যস্ত করে রাখেন এনগুমোহা, যাকে সামলাতে ইউরি তিলেমানসকেও বারবার রক্ষণভাগে নেমে আসতে হয়েছে। তার নির্ভীক ফুটবলে মুগ্ধ হয়ে বিবিসি স্পোর্টকে ড্যানি মারফি বলেন, ‘রিও এনগুমোহা লিভারপুলের জন্য একজন ওয়াও খেলোয়াড় হতে যাচ্ছে। তার বয়স মাত্র ১৮, কিন্তু এরই মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড় হয়ে উঠেছে। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে তাঁকে থামানো ভীষণ কঠিন। সে কোনো ভয়ডর ছাড়াই খেলে।’
কোচ আন্দোনি ইরাওলার অধীনে লিভারপুলের আক্রমণভাগে গাকপো, ব্র্যাডলি বারকোলা ও ভিক্টর মুনোজদের সঙ্গে দারুণ এক সুস্থ প্রতিযোগিতা তৈরি করেছেন এনগুমোহা। মারফির মতে, সবার ফিট হয়ে ফেরার পরও একাদশে জায়গা ধরে রাখার মতো সামর্থ্য এরই মধ্যে প্রমাণ করে দিয়েছেন অ্যানফিল্ডের এই নতুন পোস্টারবয়।





