পচেত্তিনোর ইউনাইটেডকে গোল বন্যায় ভাসাল লিভারপুল

৪-০ গোলে ইউনাইটেডকে হারিয়েছে লিভারপুল। ছবি: সংগৃহীত
ম্যানচেস্টার ইউনাইটেডে দুঃস্বপ্নের শুরু হল মরিসিও পচেত্তিনোর। অ্যানফিল্ডে ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্তই করল লিভারপুল। যুক্তরাষ্ট্রের দায়িত্ব ছেড়ে ইউনাইটেডে এর চেয়ে খারাপ শুরু হয়ত হতে পারত না পচেত্তিনোর।
ঘড়ির কাঁটায় তখন ৮ মিনিট। ম্যাচের নিয়তি হয়ত লেখা হয়ে গিয়েছিল সে সময়ই। লেনি ইয়েরো লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। আলেক্সান্দার ইসাককে বক্সের মাথায় ফেলে দিয়েছিলেন ইউনাইটেডের শেষ ডিফেন্ডার ইয়োরো। তাাই তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
এরপরই ভেঙে পড়ে পচেত্তিনোর ইউনাইটেড। নতুনভাবে শুরু করতে এসে আর্জেন্টাইন এই কোচ বড় ধাক্কা খেয়েছেন ৪-০ গোলের হারে। একচেটিয়া আধিপত্য দেখিয়ে তাদের কোণঠাসা করে রাখে লিভারপুল।
দুর্দান্ত এক ফ্রিকিক থেকে ১০ মিনিটে দমিনিক সোবোসলাই লিভারপুলকে এগিয়ে নেওয়ার ৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভিরৎস। রিও এনগুমোহার দারুণ এক লব থেকে পা শূন্যে ঘুরিয়ে প্রায় সাইড ভলি থেকে গোল করেন তিনি। ৬৬ মিনিটে রিও এনগুমোহা লিভারপুলকে এগিয়ে নেন ৩-০ গোলে। ৮৬ মিনিটে ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটা ঠুকেন ভিক্তর মুনিয়োস।
পোস্টে ৩টা শট নিলেও গোলের বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি ইউনাইটেড। সেখানে ৬৪ শতাংশ বলের দখল রেখে খেলা লিভারপুল পোস্টে শট নিয়েছিলেন ১১টি। গোলের বড় ৭টি সুযোগ তৈরি করেছিল তারা। তবে জালে বল পাঠাতে পেরেছে ৪ বার।
এই জয়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠে এসেছে লিভারপুল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ইউনাইটেড থেকে গেছে ১৯ নম্বরে। সমান ম্যাচে শীর্ষে থাকা আর্সেনাল ২০ পয়েন্টে এগিয়ে ইউনাইটেডের চেয়ে।
গত সপ্তাহে মাইকেল ক্যারিককে বরখাস্ত করে পচেত্তিনোকে নিয়োগ দিয়েছিল ইউনাইটেড।। এক দশক ধরেই ইউনাইটেডের কোচ হওয়ার গুঞ্জন ছিল তাকে ঘিরে। কিন্তু তার শুরুটা হলো ভুলে যাওয়ার মত।



