মরিনহো
নিকো পাস আমার খেলোয়াড় নয়

ইতালির ক্লাব কোমো এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিকো পাসের দুর্দান্ত ফর্ম স্পেনের ফুটবলে নতুন করে আলোচনা উসকে দিয়েছে। তরুণ এই মিডফিল্ডারের রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন যখন জোরালো, ঠিক তখনই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হলেন না ক্লাবটির প্রধান কোচ হোসে মরিনহো। তার সাফ জবাব, ‘সে আমার খেলোয়াড় নয়।’
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে পিএসভির মুখোমুখি হওয়ার আগে আয়োজিত প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে মরিনহোর কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে নিকো পাসকে ফেরাতে রিয়াল মাদ্রিদ তাদের বিকল্প বা অগ্রাধিকারের পথ কাজে লাগাতে পারে কি না। জবাবে দৃঢ় ভঙ্গিতে মরিনহো বলেন, ‘সে আমার খেলোয়াড় নয়।’
এই একটি বাক্যেই আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে নিয়ে নিজের মূল্যায়ন এবং তার সাদা জার্সিতে ফেরার সম্ভাবনা—দুটি বিষয়েরই উত্তর কৌশলে এড়িয়ে যান পর্তুগিজ এই কোচ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নিকো পাসের কোমোতে দলবদল চূড়ান্ত হওয়ার সময় রিয়াল মাদ্রিদ তাকে ফেরানোর ক্ষেত্রে অগ্রাধিকারের শর্ত যুক্ত করেছিল। ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বে হওয়া ওই সমঝোতায় ভবিষ্যতে পাসের জন্য রিয়ালের দরজা খোলা রাখা হয়েছিল।
শুরুতে মাদ্রিদের ক্লাবটি ৬০ লাখ ইউরো পেয়েছিল এবং ৯০ লাখ ইউরোর বাই-ব্যাক (পুনরায় কেনার) বিকল্প ছিল। কিন্তু সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন সমীকরণ অনেকটাই বদলে গেছে। বর্তমান শর্ত অনুযায়ী, নিকো পাসকে আবার দলে ফেরাতে চাইলে রিয়াল মাদ্রিদকে গুনতে হবে ৮ কোটি ইউরো। অঙ্কটি বেশ বড় হলেও ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজার ও পাসের দুর্দান্ত পারফরম্যান্স এবং সম্ভাবনার বিচারে এটিকে একটি বড় সুযোগ হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল।




