উয়েফার বিরুদ্ধে অপপ্রচার চালানোর দাবি ফিফার

সংগৃহীত ছবি
ফিফা এবং উয়েফার দ্বন্দ্ব এবার আদালত পর্যন্ত গড়িয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে উয়েফার বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির দাবি, তাদের অস্থিতিশীল করতে এবং আসন্ন ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রচার বাধাগ্রস্ত করতে উয়েফা পরিকল্পিতভাবে ভুল তথ্যের প্রচারণা চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রে উয়েফার আইনি পদক্ষেপের জবাবে পাল্টা নথি দাখিল করেছে ফিফা। ফ্লোরিডার একটি জেলা আদালতে দেওয়া ওই নথিতে ফিফা তাদের বাতিল হয়ে যাওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প নিয়ে উয়েফার অভিযোগের জবাব দিয়েছে।
গত মাসে উয়েফা এফএফই প্রকল্প সংক্রান্ত তথ্য ও নথি প্রকাশের আবেদন করে। পাশাপাশি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে ফৌজদারি অভিযোগ করারও হুমকি দেয় তারা। উয়েফার অভিযোগ ছিল, ইনফান্তিনো ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে প্রকল্পটির মূল্য ইচ্ছাকৃতভাবে কম দেখাচ্ছেন বাড়তি সুবিধা লাভের জন্য।
ফিফা অবশ্য এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে। সংস্থাটির দাবি, উয়েফা ভুল তথ্যের প্রচারণা চালাচ্ছে এবং এটি তাদের বিরুদ্ধে পরিকল্পিত হয়রানির অংশ। ফিফার আইনজীবীদের মতে, বেসরকারি বিনিয়োগ প্রকল্পটি নিয়ে কাজ করা ছিল সংস্থাটির দায়িত্বের অংশ। কোনো গোপন ষড়যন্ত্র নয়।
এফএফই প্রকল্পের আর্থিক কাঠামো নিয়েও উয়েফা ভুল বুঝেছে বলে দাবি করেছে ফিফা। উয়েফার অভিযোগ ছিল, প্রকল্পটির মূল্য প্রায় ২০ বিলিয়ন ডলার দেখানো হয়েছিল। তবে ফিফার পাল্টা দাবি, উয়েফা ইকুইটি ভ্যালু ও মোট এন্টারপ্রাইজ ভ্যালুকে এক করে ফেলেছে। ফিফার হিসাবে প্রকল্পটির মোট এন্টারপ্রাইজ ভ্যালু ছিল ৩০ বিলিয়ন ডলারের বেশি।
আদালতে দেওয়া জবাবে উয়েফার নথি চাওয়ার উদ্যোগেরও সমালোচনা করেছে ফিফা। সংস্থাটির দাবি, ওই আবেদনে ফিফা ও ইনফান্তিনোকে নিয়ে অনেক মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য রয়েছে।
রয়টার্সের দেখা আদালতের নথিতে ফিফা বলেছে, ‘কোনো ভিত্তি ছাড়াই উয়েফা বলছে এফএফই প্রকল্প থেকে ইনফান্তিনো ব্যক্তিগতভাবে লাভবান হতে চেয়েছিলেন।’ তাদের আরও দাবি, ইনফান্তিনো কোনো আইন বা নীতি লঙ্ঘন করেছেন—উয়েফার এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই।
আদালতের কাছে মামলাটির রাজনৈতিক দিকটিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে ফিফা। তাদের দাবি, ফিফার নির্বাচন সামনে রেখেই উয়েফা ইনফান্তিনোকে নিয়ে ভুল তথ্য ছড়াতে এই আবেদন করেছে।
এফএফই প্রকল্পের মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন বড় টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনা করা হয়েছিল। তবে উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের তীব্র বিরোধিতার পর জুলাইয়ে প্রকল্পটি বাতিল করা হয়। তাদের মূল আপত্তি ছিল পর্যাপ্ত পরামর্শ না করে এত বড় প্রকল্প এগিয়ে নেওয়া নিয়ে।
প্রকল্পটি বাতিল হওয়ার পর ফিফার নেতৃত্ব নিয়ে বিরোধ আরও প্রকাশ্য হয়। উয়েফা ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথা প্রকাশ্যে জানায়। এরই মধ্যে তার পদত্যাগের দাবিও ওঠে।



