ব্রাজিল-ভারত ম্যাচ
ভারতে এলো ব্রাজিল দল, অভ্যর্থনায় মুগ্ধ মার্কিনিয়োস

ভারতের মাটিতে পা রেখেই দেশটির ফুটবলপ্রেমীদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়েছেন ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক মার্কিনিয়োস। ভারতের বিপক্ষে আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচটি নিয়েও তিনি বেশ উচ্ছসিত। মার্কিনিওস জানান, তার দলের মূল লক্ষ্য হলো মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া।
কলকাতায় এক সংবাদ সম্মেলনে এসে ব্রাজিলীয় তারকা বলেন, ‘আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ আমাদের স্বাগত জানাতে এসেছে। প্রথম দিন থেকেই আমরা অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। এই দেশের মানুষ ফুটবল এবং ব্রাজিল জাতীয় দলকে খুব ভালোবাসে। এই মানুষগুলোর জন্যই জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারাটা দারুণ সুযোগ।’
কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের নবযাত্রা নিয়ে এই অভিজ্ঞ ডিফেন্ডার বলেন, ‘ভবিষ্যতের জন্য আমাদের লক্ষ্য তো আছেই, তবে প্রাথমিক উদ্দেশ্যগুলো হলো—আত্মবিশ্বাস ফিরে পাওয়া, ভালো খেলা এবং দুর্দান্ত সব জয় তুলে নেওয়া। আর এখানে আমাদের উদ্দেশ্য হলো—কালকের ম্যাচে দুর্দান্ত একটা খেলা উপহার দেওয়া। ভালোভাবে ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেওয়া।’
কোচের পরিকল্পনা এবং স্কোয়াডের অভ্যন্তরীণ প্রক্রিয়া নিয়ে তিনি আরও যোগ করেন, ‘কোচ তার প্রয়োজন অনুযায়ী নতুন খেলোয়াড়দের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। আমি মনে করি এটি একটি প্রক্রিয়া, একটি চক্র। এগুলো এমন কিছু বিষয় যার মাধ্যমে আমরা আত্মবিশ্বাস অর্জন করতে পারি এবং আগামী বিশ্বকাপের আগে ভালো অবস্থায় পৌঁছাতে পারি।’
প্রতিপক্ষ ভারতকে অবশ্য একেবারেই ছোট করে দেখছেন না মার্কিনিয়োস, ‘প্রতিটি ম্যাচেরই নিজস্ব গল্প থাকে, নিজস্ব মুহূর্ত থাকে। আমরা অবশ্যই এই ম্যাচের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেব, প্রতিপক্ষ দল ও তাদের খেলোয়াড়দের নিয়ে বিশ্লেষণ করব। কোথায় আমরা ভালো করতে পারি এবং প্রতিপক্ষের শক্তির জায়গাগুলোকে দমিয়ে রাখতে কী কী করা দরকার সেগুলো অবশ্যই আমরা দেখব।’




