নেইমার নির্ভরতা চান না রোমারিও

শুধু নেইমারের জাদুর অপেক্ষায় থাকতে চান না রোমারিও। ছবি: সংগৃহীত
বিশ্বকাপ জিততে ‘এক্স ফ্যাক্টর’ দরকার। ব্রাজিলের সেই এক্স ফ্যাক্টর নেইমার। তাই কিছুদিন আগে গ্লোবো-র ‘এস্পোর্তে এসপেতাকুলার’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও জানিয়েছিলেন, নেইমার যদি অর্ধেক ফিট থাকে, তবুও তাকে বিশ্বকাপ দলে রাখা উচিত।
মাস না যেতেই সুর বদলালেন রোমারিও। কোনো একজনের উপর আর নির্ভর করে থাকতে চান না তিনি। নিজের সেরা ছন্দের জন্য শতভাগ ফিট থাকা দরকার। আর সেই ফিটনেস সমস্যাতেই এখন ভুগছেন নেইমার। তাই তাকে ফিট হওয়ার শর্ত জুড়ে দিয়েছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
এবার ফ্রেঞ্চ পত্রিকা ‘লেকিপ’কে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও বললেন, ‘আপনি শুধু একজনের ওপর নির্ভর করতে পারেন না। এটা খুবই ঝুঁকিপূর্ণ। ব্রাজিলে এখন রাফিনিয়া-ভিনির মতো দারুণ ফুটবলার আছে। শুধু অভিজ্ঞ নয়, পেদ্রো-এস্তেভাওয়ের মতো তরুণ ফুটবলাররাও আছে। তাদেরকে নিয়েই ব্রাজিলকে পরিকল্পনা সাজাতে হবে।’
২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এরপর থেকেই ‘হেক্সা’র অভিযানে সেলেসাওরা। ব্রাজিল যেখানে হেক্সা জয়ের স্বপ্নে বিভোর, রোমারিও তখন দলের খেলা নিয়ে বেশ হতাশ। ২০০৭ সালে কাকার পর কারও ব্যালন ডি’অর জিততে না পারা নিয়েও লুকালেন না হতাশাটা,‘ব্রাজিলের ফুটবল আর আগের মতো নেই। ১৫-২০ বছর আগেও ব্যালন ডি অর জয়ের দৌড়ে আমাদের ফুটবলাররা থাকতো। এখন সেটা অনেকটাই ঝিমিয়ে গেছে।’

