যেকোনো মূল্যে মেসির জার্সি চান বেনিনের তিজানি

সংগৃহীত ছবি
মনুমেন্টালেই শেষ। আর কখনোই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না তাকে। বিদায়ী ম্যাচের পর লিওনেল মেসির সেই আইকনিক ১০ নম্বর জার্সি পাবেন কোন প্রতিপক্ষ ফুটবলার, সেদিকেই নজর সবার। বেনিন ডিফেন্ডার মোহামেদ তিজানি জানিয়েছেন, ম্যাচ শেষে যেকোনো মূল্যে মেসির জার্সি চান তিনি।
৭ অক্টোবর ভোরে বেনিনের বিপক্ষে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই জাতীয় দলকে বিদায় বলছেন মেসি। ঐতিহাসিক এই ম্যাচ খেলতে বেনিন দলে ডাক পেয়েছেন তিজানিও।
মেসির শেষ ম্যাচটা মাঠে উপভোগ করতে চান তিজানি, ‘আর্জেন্টিনার বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচে খেলার জন্য আমাকে দলে নেওয়া হয়েছে। এই ম্যাচের জন্য আমাদের কোনো প্রস্তুতিরও প্রয়োজন নেই। আমরা শুধু এটি উপভোগ করতে চাই।‘
মেসি ভক্ত তিজানি জানালেন, ম্যাচ শেষে মেসির জার্সিটা নেওয়াই সবচেয়ে বড় লক্ষ্য তার, ‘আমার ওপর বিশ্বাস রাখুন, আমি মেসির জার্সিটি ঘরে নিয়ে যাবই। আমার মায়ের নামে কসম খেয়ে বলছি!’
ম্যাচ শেষে কীভাবে মেসির মুখোমুখি হবেন, তার একটি পরিকল্পনাও করেছেন তিজানি, ‘আমি মেসির কাছে গিয়ে বলব, ‘মেসি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমাকে তোমার জার্সিটি দাও’।‘
তিজানির কাছে মেসিই বিশ্বের সেরা ফুটবলার, ‘মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। তার সঙ্গে একই মাঠে নামব, অধীর আগ্রহে এর জন্য অপেক্ষা করছি।‘



