ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

সংগৃহীত ছবি
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে দেওয়া হয়েছে এ হুমকি।
গতকাল রবিবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে হুমকির এ ই-মেইলটি আসে। এটি এসেছে [email protected] ই-মেইল আইডি থেকে। হুমকিবার্তায় কাল মঙ্গলবার বেলা ১১ টায় একাধিক বোমা হামলা চালানোর কথা উল্লেখ করা হয়।
ব্র্যাক বিশ্বিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে ওই ই-মেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খ ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাব। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এ হামলা করা হবে।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেছেন, ‘এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সেটি ডিবির সাইবার ইউনিট তদন্ত করছে। এসব হুমকির কোনো ভিত্তি নেই।’
এদিকে ই-মেইলে হুমকি পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সতর্কতামূলক বার্তা পাঠিয়ে সবার সহযোগিতা চেয়ে মেইলটি ফরোয়ার্ড করেছে ব্র্যাক কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাধিক নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কল রিসিভ করেননি।



