কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

ছবি: আগামীর সময়
কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার ব্যবহৃত গাড়িতেও ভাঙচুর চালানো হয়।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় লালন শাহ মাজার প্রাঙ্গণে আখড়ায় গান শুনে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর চড়াও হয় এবং তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার গাড়িও ভাঙচুর করে।
খবর পেয়ে দ্রুত কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছিলেন। তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানান তিনি।




