ইয়ামালের হাতে ব্যালন ডি'অর চান ফ্লিক

সংগৃহীত ছবি
চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্দের বিপক্ষে ৫-১ ব্যবধানের দারুণ এক জয়ে মৌসুম শুরু করল বার্সেলোনা। এক গোল ও দুই অ্যাসিস্টে জয়ে বড় ভূমিকা রেখেছেন লামিন ইয়ামাল। ম্যাচ শেষে বার্সা কোচ হান্সি ফ্লিক বলছে, ইয়ামালের হাতেই ব্যালন ডি অর দেখতে চান তিনি।
বৃষ্টিভেজা স্পোটিফাই ক্যাম্প ন্যুতে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে টুর্নামেন্টে নিজেদের প্রথম গোল পান ইয়ামাল। এখন পর্যন্ত লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে এটি তার পঞ্চম গোল। গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করান ইয়ামাল।
এবারের ব্যালন ডি'অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন ইয়ামাল। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো এক অনুষ্ঠানে তুলে দেওয়া হবে ফুটবলের এই মর্যাদাপূর্ণ পুরস্কার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইয়ামালের ব্যালন ডি'অর জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ফ্লিক বলেন, ‘অবশ্যই, সে আমার খেলোয়াড় এবং বার্সেলোনার প্রতিনিধি। সে ব্যালন ডি'অর পাওয়ার সম্পূর্ণ যোগ্য। প্রতিটা ম্যাচেই প্রমাণ করে সে কতটা আলাদা ও বিশেষ একজন ফুটবলার। তার মতো প্রতিভা দ্বিতীয়টি নেই।‘
ফেইনুর্দের বিপক্ষে এই গোলে চ্যাম্পিয়নস লিগে নিজের ১২তম গোলের দেখা পেলেন ইয়ামাল। মাত্র ১৯ বছর ৫৮ দিন বয়সে বার্সেলোনার জার্সি গায়ে ১০১টি গোল অবদানের (৫৪টি গোল ও ৪৭টি অ্যাসিস্ট) মাইলফলকও স্পর্শ করেছেন এই স্প্যানিশ তারকা।
গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা এবং স্পেনের জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন ইয়ামাল। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন এবং গতবারের বিজয়ী উসমান দেম্বেলেসহ পিএসজির একাধিক তারকা ফুটবলার তার সঙ্গে লড়াইয়ে রয়েছেন।
এদিকে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় বার্সেলোনার রাফিনিয়া এবং পেদ্রির জায়গা না পাওয়া নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন ফ্লিক, ‘তালিকায় না থাকার মতো খেলোয়াড় তারা নয়। কিন্তু যা সিদ্ধান্ত হয়ে গেছে তা তো আমরা বদলাতে পারব না। তবে তারা দুজনেই অসাধারণ খেলোয়াড় এবং তালিকায় থাকার যোগ্যতা তাদের নিশ্চিতভাবেই ছিল।‘





