ফিফা প্রেসিডেন্ট
ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী ফরাসি ফুটবল প্রধান দিয়ালো

সংগৃহীত ছবি
লড়াইয়ের ময়দান ফাঁকা পাচ্ছেন না জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্ট পদে তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। উয়েফা নির্বাহী কমিটি সমর্থন দিয়েছে তাকে।
দিয়ালো ২০২৩ সাল থেকে এফএফএফ-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেলেও পরে নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি চার বছরের মেয়াদে নির্বাচিত হয়েছেন।
বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ফাঁস হওয়ার পর থেকেই চাপে ছিলেন ইনফান্তিনো। উয়েফা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও পারেনি। তবে এবার ইনফান্তিনোর বিপক্ষে শক্তিশালী প্রতিপক্ষই দাঁড় করাল তারা। আগামী বছর মার্চে হতে যাওয়া নির্বাচনে দিয়ালো প্রতিদ্বন্দ্বিত করতে যাচ্ছেন। আজ মঙ্গলবার এফএফএফ এর কার্যনির্বাহী কমিটির বৈঠকে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদন হতে পারে।
৬৩ বছর বয়সি দিয়ালোর আগামী বছর মার্চের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে খোদ উয়েফাই। এ নিয়ে উয়েফার বিবৃতি,‘ উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, উয়েফা নির্বাহী কমিটিতে প্রতিনিধিত্বকারী জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ২০২৭ সালের মার্চে হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালোকে। তাকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।’



