মেসির বিদায়ী ম্যাচ কোথায় দেখবেন?

সংগৃহীত ছবি
তার বিদায়ী ম্যাচ দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। কোথায় দেখা যাবে এই ঐতিহাসিক ম্যাচ, এ নিয়ে মেসি ভক্তদের যেন আগ্রহের শেষ নেই।
আগামী ৭ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৫টায় ৮৫ হাজার দর্শকে পূর্ণ গ্যালারির সামনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন দীর্ঘ দুই দশক ধরে বিশ্ব ফুটবলকে আচ্ছন্ন করে রাখা আর্জেন্টাইন মহাতারকা। এ উপলক্ষে এরই মধ্যে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। স্তাদিও মনুমেন্টালে আর্জেন্টিনার প্রতিপক্ষ বেনিন।
পুরো বিশ্বের মতো বাংলাদেশের মেসি ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন ম্যাচটির জন্য। বাংলাদেশে কোথায় দেখা যাবে মেসির বিদায়ী ম্যাচ? ভক্তদের জন্য আছে এক দুঃসংবাদ। টিভি, অনলাইন কিংবা কোন অ্যাপস; কোথাও সরাসরি আর্জেন্টিনা-বেনিন ম্যাচ দেখা যাবে না। তবে অনলাইনের কিছু প্রক্সি সাইটে দেখা যেতে পারে ম্যাচটি।
মনুমেন্টাল স্টেডিয়ামের এই ম্যাচটি বাংলাদেশে না দেখা গেলেও দেখা যাবে পার্শ্ববর্তী দেশ ভারতে। সরাসরি সম্প্রচার করা হবে হবে জি ফাইভ প্ল্যাটফর্মে। যুক্তরাষ্ট্রে এই ম্যাচ দেখা যাবে ভিক্স ও প্রাইমে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ভক্তরা ম্যাচটি উপভোগ করতে পারবেন বেইন স্পোর্টস অ্যাপে। স্পোর্ট টিভিতে এই ম্যাচ উপভোগ করবেন ব্রাজিলের দর্শকরা।



