রিয়ালকে বিদায় বললেন কারভাহাল

সংগৃহীত ছবি
একমাত্র ফুটবলার হিসেবে মূল একাদশে থেকে ছয়টি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জেতার অনন্য রেকর্ড আছে তার। রিয়াল মাদ্রিদের হয়ে বহু কীর্তি গড়ে ইতিহাসের পাতায় নাম লেখানো দানি কারভাহাল এবার বিদায় বলছেন ক্লাবকে। দীর্ঘ ২৩ বছরের পথচলা শেষে এই মৌসুমের পর রিয়াল ছাড়ছেন এই স্প্যানিশ তারকা।
দুই মেয়াদের ২৩ বছর রিয়ালে কাটিয়ে দিয়েছেন কারভাহাল, হয়ে উঠেছেন ক্লাবের কিংবদন্তি ও ‘প্রতীকও’। হিমাদ্রিদে জন্ম নেওয়া কারভাহাল ২০০২ সালে রিয়ালের একাডেমিতে যোগ দেন। ১০ বছর সেখানে কাটিয়ে ২০১২ সালে যোগ দেন বেয়ার লেভারকুসেনে। তবে পাঁচ বছরের চুক্তি করলেও জার্মান ক্লাবটিতে বেশি দিন থাকেননি। রিয়াল তাকে পরের মৌসুমেই ফিরিয়ে আনে।
এরপর টানা ১৩ মৌসুমে রিয়ালের হয়ে কারভাহাল খেলেছেন ৪৫০ ম্যাচ, জিতেছেন ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগাসহ মোট ২৭টি ট্রফি। ক্যারিয়ারের শেষের দিকে এসে পেয়েছেন দলের অধিনায়কত্বও।
তবে বেশ কিছুদিন ধরে বারবার চোটের সঙ্গে লড়তে হচ্ছিল কারভাহালকে। চোটের কারণে অনিয়মিত হয়ে যাওয়া ও গত বছর ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের আগমনের কারণে চলতি মৌসুমে ম্যাচ টাইম কমে গিয়েছিল এই ডিফেন্ডারের। এবার লা লিগায় ৩৭ রাউন্ড পর্যন্ত মাত্র ৮৯২ মিনিট মাঠে ছিলেন কারভাহাল।
সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ তার সঙ্গে চুক্তির মেয়াদও আর বাড়াচ্ছে না। কারভাহালের বিদায়ের ঘোষণার বিবৃতিতে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, ‘দানি কারভাহাল রিয়াল মাদ্রিদ এবং এর একাডেমির একজন কিংবদন্তি ও প্রতীক। কারভাহাল সব সময়ই রিয়াল মাদ্রিদের মূল্যবোধ তুলে ধরেছেন। রিয়াল তার ঘর, চিরকাল তাই থাকবে।’
টানা দ্বিতীয় বছরের মতো কোনো ট্রফিবিহীন মৌসুম শেষ করতে যাওয়া রিয়াল আগামী শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে আথলেতিক ক্লাবের বিরুদ্ধে লা লিগার শেষ ম্যাচ খেলবে। সেদিন কারভাহালকে সম্মাননা জানাবে রিয়াল।




