ঘরের সাফে ব্যর্থ বাংলাদেশ
শ্রাবণ নয় ডুলিতেই সর্বনাশ

ছবি: বাফুফে
মে মাসে জার্মান-ইউএস বংশোদ্ভূত থমাস ডুলিকে ২৬০ জনের বিশাল তালিকা থেকে যখন কোচ হিসেবে বেছে নেওয়া হয়, তখন তাকে ঘিরে বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হয়ে দুটি বিশ্বকাপ খেলা ডুলি পরে যুক্তরাষ্ট্র দলের সহকারী কোচ হিসেবে বড় সময় কাজ করেন জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সম্যানের সঙ্গে। এরপর টানা চার বছর ফিলিপাইনকে কোচিং করান। তার সময় ফিলিপাইনের র্যাংকিংয়ে বড়সড় উন্নতি হয়, দলটিকে প্রথমবার পৌঁছে দেন এশিয়ান কাপে। বাংলাদেশে আসার আগে ছিলেন গায়ানা জাতীয় দলের কোচ। প্লেয়ার ও কোচ হিসেবে এত এত অর্জন দেখেই ৬৫ বছরের ডুলিতে আস্থা রেখেছিল বাফুফে। অথচ ছয় মাসেই প্রমাণিত হলো, বড় ভুল হয়ে গেছে। বাংলাদেশের চূড়ান্ত সর্বনাশ করে ছেড়েছেন এ কোচ।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে বদলাননি ডুলি, কোচিংয়ের আধুনিক চিন্তাধারা আত্মস্থ করেননি। তার অধীন ফুটবলাররা রীতিমতো বিভ্রান্ত হয়েছেন। খেলেছেন দুটি টুর্নামেন্ট। যার পরিণতি আরেকবার খুব কাছে পৌঁছেও সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে না পারা।
সাফটা ছিল ঘরের মাঠে। হামজা চৌধুরী যোগে ফুটবল নিয়ে মানুষের আগ্রহ বেড়েছিল অনেক। গ্যালারিতে ফিরতে শুরু করেছিল দর্শক। সবারও প্রত্যাশা ছিল হামজাতেই ঘুচবে সাফ শিরোপা জিততে না পারার ২৩ বছরের আক্ষেপ। ফুটবলারদের চেষ্টার কমতি ছিল না। তবে দলে ডুলির মতো একজন ‘ওল্ড স্কুলের’ হাতে পড়ে দিশাহারা একটা দলে পরিণত হয়েছে বাংলাদেশ। পাকিস্তান বিপর্যয়ের পর দলসংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা হয় আগামীর সময়ের এ প্রতিবেদকের। অন্দর থেকে মিলেছে বিস্ময়জাগানিয়া সব তথ্য!
গোলরক্ষক শ্রাবণের ভুলে গোল হজমেও ডুলির দায় এড়ানোর সুযোগ নেই। ম্যাচে তখন শেষ মুহূর্ত। গোলশূন্য ম্যাচটা স্পষ্ট এগোচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। এ সময়গুলোতে দু’দলেরই চেষ্টা থাকে ঘর সুরক্ষিত রাখার। তাড়াহুড়ো বাদ দিয়ে ম্যাচটাকে অতিরিক্ত ৩০ মিনিটে নিয়ে যাওয়ার। অথচ বল গ্লাভসে জমিয়েই শ্রাবণ তড়িঘড়ি ছাড়তে চাইলেন ফারহান আলী ওয়াহিদের কাছে। তবে বলটা তার গ্লাভস ফসকে চলে যায় পাকিস্তানের এক ফরোয়ার্ডের কাছে। পরক্ষণেই অপ্রস্তুত বাংলাদেশকে বিদায় করা অসাধারণ গোলটি করেন পাকিস্তানের শাহজাদ। অথচ ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণের নির্দেশনাটা সে সময় আসা উচিত ছিল ডুলির কাছ থেকে। তাড়াহুড়া না করে দেখেশুনে খেলার সেই নির্দেশনা ডাগআউট থেকে আসেনি বলে জানা গেছে।
থমাস ডুলির কোচিং কৌশল বড্ড সেকেলে বলেই নতুন নতুন অনেক কিছুই গত ছয় মাসে ঘটেছে, যা বিভ্রান্ত করে তুলেছিল ফুটবলারদের। জানা গেছে, ডুলির ভিডিও পর্যবেক্ষণ করে নিজের দল ও প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নেওয়ার আগ্রহই নেই! আধুনিক ফুটবলে সঠিক তথ্য সঠিক সময়ে পাওয়াটা ভীষণ জরুরি। অথচ ডুলির জানার ব্যাপারে বড্ড অনীহা। কেউ উপযাজক হয়ে পরামর্শ দিতে এলেও ভীষণ বিরক্ত হন। ফুটবলারদের সঠিক তথ্য দিয়ে, পরিকল্পনা অনুযায়ী কাজ করে এবং করিয়ে সেরাটা আদায়ের ক্ষমতা নেই এই কোচের। ডুলি ট্রেনিং সেশনে খুব বেশি সময় ব্যয় করার পক্ষে নন! এমনকি ফিটনেস ট্রেনিং ও ওয়ার্মআপও তার কাছে গুরুত্বহীন। এমনও হয়েছে, অনেক সেশনে ফুটবলাররা বল প্র্যাকটিস করেছেন কোনো ধরনের ওয়ার্মআপ ছাড়াই!
মাঠে নামার প্রস্তুতিস্বরূপ ভুল শুধরে দেওয়া বা পজিশন অনুযায়ী প্রতিপক্ষদের রুখে দেওয়ার ব্যাপারে কখনোই নির্দেশনা কোচ দেন না ফুটবলারদের। কোন পরিস্থিতিতে কোন খেলোয়াড়কে ব্যবহার করতে হবে, সেটাও অজানা। নিজের দলের ফুটবলারদেরই শক্তি ও সীমাবদ্ধতা সম্পর্কেও ছয় মাসে ধারণা নেননি। তাই খেলোয়াড় পরিবর্তনেও তিনি থাকেন বিভ্রান্ত। তাতে মূল্যবান সময়ও নষ্ট হয়। পাকিস্তানের কাছে ৮৬ মিনিটে গোল হজমের পর সাত মিনিট সময় নষ্ট হয়েছে তিনটি পরিবর্তন করতে গিয়ে। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া।
আবার দল যখন পিছিয়ে, তখন গোল করার দক্ষতা যাদের আছে, তাদের বসিয়ে ডুলি নামান ফাহমিদুল ও জামালকে। অথচ ডাগআউটে তখন মজুদ ছিলেন এই দলের হয়ে সবচেয়ে বেশি গোল করা তপু বর্মণ এবং শেখ মোরসালিন।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে হয়তো অনেক প্রশ্নই চাপা পড়ে গিয়েছিল। সেই ম্যাচটা ব্যতিক্রম, সেটা পাকিস্তান ম্যাচেই প্রমাণিত। পাকিস্তানের কাছে হারের পর সেই প্রশ্নগুলো এখন উঠছে। আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ছিল স্রেফ স্থান নির্ধারণী। হারলেও খুব ক্ষতি-বৃদ্ধি হতো না। চাইলেই একাদশের নিয়মিতদের বিশ্রাম দিতে পারতেন ডুলি। পারতেন বড় লিড নেওয়ার পরপরই হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, শমিত সোমদের তুলে নিতে। তাতে তারা রিকভারির বেশি সময় পেতেন। অথচ ডুলি সেটা করেননি। যার প্রভাব পড়েছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। মাত্র দুদিন রিকভারির সময়টা যে মোটেই যথেষ্ট নয়।
পাকিস্তানের কোচ হামজা, শমিতকে বোতলবন্দি করে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়েছেন। ফলে দুই উইঙ্গার রাকিব ও ওয়াহিদ সেভাবে সুযোগ গড়তে পারেননি। অন্যদিকে হোমওয়ার্ক না থাকায় ডুলি পাকিস্তানের জন্য কোনো ফাঁদ তৈরি করতে পারেননি। উল্টো সাদউদ্দিনের জায়গায় তরুণ ও গতিময় তাজউদ্দিনকে না খেলিয়ে একাদশে সুযোগ দিয়েছেন ক্যারিয়ারে পড়ন্ত সময়ে পৌঁছে যাওয়া রহমত মিয়াকে। মোহাম্মদ হৃদয়ের মতো মাঝমাঠের বিশ্বস্ত অস্ত্রকে ঠিকঠাক কাজে না লাগিয়ে হাফ ফিট তারিক কাজীকে খেলিয়েছেন পুরো ম্যাচ। পরখ না করেই সাফের আগে মাহি খানকে স্ট্রাইকার তকমা দিয়েছিলেন, পরে এক ম্যাচেও এই তরুণকে রাখেননি ২৩ সদস্যের স্কোয়াডে। সৌরভ দেওয়ান, সাব্বির আহমেদ, শাকিল আহাদ তপুর মতো পারফরমারদের বাইরে রাখতে দ্বিধা করেননি ডুলি। কারণ, দেশের ফুটবল নিয়ে হোমওয়ার্কটাই যে হয়নি তার।
মোটা দাগে, প্রথমত কোচ নিজের শতভাগ তথ্য জানেন না এবং জানতেও চান না। দ্বিতীয়ত যতটুকুই জানেন, সেটা খেলোয়াড়দের মধ্যে ট্রান্সফার করার প্রবণতা নেই। তৃতীয়ত সেগুলো নিয়ে প্র্যাকটিস সেশনে কাজ করার প্রয়োজন মনে করেন না। ফলে আসিয়ান কাপ ও সাফে দলের ফুটবলাররা অনেক বিষয়েই থেকেছেন অন্ধকারে। উপযাজক হয়ে টিম অ্যানালিস্টের কাছ থেকে নিজেদের দায়িত্ব ও প্রতিপক্ষ সম্পর্কে জানার চেষ্টা করেছেন কেউ কেউ।
ডুলি নিজে উড়িয়ে আনা সহকারীদের ওপরই আস্থা রেখেছেন এবং যাদেরই এনেছেন তাদের বেশিরভাগই এই পর্যায়ে কাজ করার জন্য প্রস্তুত নন। তার প্রধান সহকারী তারই সমবয়সী রেইনহার্ড স্টাম্প। যার কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ইউরোপের নামিদামি ক্লাবে কাজের অভিজ্ঞতা তার আছে। তবে সেগুলো সবই প্রায় এক দশক আগের অভিজ্ঞতা। শেষ দশ বছরে সেভাবে কোথাও কাজই করেননি। ফলে প্রতিনিয়ত বদলে যাওয়া কোচিং মডেলের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাননি। ডুলির মতোই ভীষণ সনাতনী তিনি। অথচ ডুলির সবচেয়ে আস্থাভাজন স্টাম্প।
ভিয়েতনামি হোয়াং লানকে সহকারী কোচ হিসেবে উড়িয়ে এনেছেন ডুলি। যার কোচিং যোগ্যতাই নেই। এএফসি ‘সি’ লাইসেন্সধারী লান মূলত একজন দোভাষী। ল্যাঙ্গুয়েজ অ্যাসিস্ট্যান্ট হিসেবে এক বছর আগেও কাজ করেছেন। কোচিং সম্পর্কে তার সেভাবে ধারণাই নেই। মূলত কোচের ভীষণ আস্থাভাজন বলেই বাংলাদেশে বনে গেছেন সহকারী কোচ। আরেক সহকারী হাসান আল মামুনের কোচিং জ্ঞান নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। দীর্ঘ সময় তিনি টিকে আছেন স্রেফ কোচদের ‘জি হুজুর’ ‘জি হুজুর’ করে।
ডুলি গোলকিপিং কোচ হিসেবে এনেছেন ক্রিস্তিয়ান বারবুসাককে এবং ফিজিও হয়ে এসেছেন নিকোলাস গুসচি। যাদের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন রয়েছে। নিকোলাস জয়েন্ট পেইনের বিশেষজ্ঞ। তবে মাংসপেশির চোটের চিকিৎসা তার ভালো জানা নেই। এক্ষেত্রে দলের আরেক ফিজিও আবু সুফিয়ানকে নিতে হয় দায়িত্ব। অথচ ম্যাচ চলাকালে সুফিয়ানের জায়গা মেলে না ডাগআউটে।
দলের সঙ্গে আছেন উরুগুয়ের ফিটনেস ট্রেইনার রাফায়েল তেরা। অভিযোগ আছে, তাকে কাজের পূর্ণ স্বাধীনতা দেন না কোচ। শুরুতে নিজ থেকে অনেক কিছুই করতে চেয়েছেন। তবে কোচের সঙ্গে কোচিং প্রিন্সিপাল নিয়ে দ্বন্দ্ব তৈরি হওয়ায় হাল ছেড়ে দেন। ফিটনেস ট্রেইনার আগ বাড়িয়ে কিছু বলেন না, করেনও না। সব চলেছে ডুলির নির্দেশে। এমনকি কোনো-কোনোদিন ফুটবলাররা অনুশীলনে নেমেছেন ওয়ার্মআপ ছাড়াই!
নিজের লোকজনকে ডাগআউটে রাখতে ডুলি ম্যাচ চলাকালে মাঠের বাইরে থাকতে বাধ্য করেছেন সুফিয়ান ছাড়াও দীর্ঘদিনের টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিন ও মিডিয়া অফিসার আমের খানকে।
একঝাঁক সেকেলে, অযোগ্য কোচের হাতেই হয়েছে বাংলাদেশের সর্বনাশ। যারা দল প্রস্তুত করার দায়িত্বে, তারাই যখন প্রস্তুত নন, তখন তো পরিণতি এমনই হবে। আর ডুলি অ্যান্ড কোংকে না জেনে না বুঝে নিয়োগ দেওয়ায় সাফ ব্যর্থতার দায় এড়াতে পারবেন না ফুটবলকর্তারাও।






